Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: হার দিয়ে ম্যাচ শেষ হলেও ইতিহাস গড়ল ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল (East Bengal AFC)। প্রথম ভারতীয় মহিলা দল হিসেবে এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল লাল-হলুদ শিবির। শনিবার কিশোর ভারতী স্টেডিয়ামে উত্তর কোরিয়ার শক্তিশালী ক্লাব ৪.২৫ এসসি-র কাছে ০-২ গোলে হারতে হয়েছে মশাল গার্লসদের। তবে গ্রুপ পর্বের ফলাফলের ভিত্তিতে সেরা তৃতীয় স্থানাধিকারী দল হিসেবে শেষ আটে পৌঁছে গেল ইস্টবেঙ্গল।

ম্যাচের শুরুতেই ধাক্কা ইস্টবেঙ্গলের (East Bengal AFC)
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে উত্তর কোরিয়ার ৪.২৫ এসসি। খেলা শুরুর মাত্র দ্বিতীয় মিনিটেই জিন হংয়ের গোলে এগিয়ে যায় তারা। শুরুতেই গোল হজম করে চাপে পড়ে যায় ইস্টবেঙ্গল। এরপর একের পর এক আক্রমণে লাল-হলুদের রক্ষণকে ব্যস্ত রাখে প্রতিপক্ষ।

প্রথমার্ধেই ব্যবধান বাড়াল ৪.২৫ এসসি (East Bengal AFC)
একাধিকবার গোলের সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারছিল না উত্তর কোরিয়ার দল। ইস্টবেঙ্গলের গোলরক্ষক পান্থোই চনুর দুরন্ত পারফরম্যান্স এবং গোলপোস্টের সহায়তায় বেশ কয়েকটি নিশ্চিত গোল আটকে যায়। তবে প্রথমার্ধের শেষ দিকে আর রক্ষা হয়নি। ৪২ মিনিটে দূরপাল্লার দুরন্ত শটে ৪.২৫ এসসি-র হয়ে দ্বিতীয় গোল করেন সন গুম।

দ্বিতীয়ার্ধেও গোল নেই লাল-হলুদের (East Bengal AFC)
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝড় অব্যাহত রাখে উত্তর কোরিয়ার ক্লাব। তবে গোলের নিচে কার্যত প্রাচীর হয়ে দাঁড়ান পান্থোই চনু। একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে আরও বড় ব্যবধানে হার থেকে বাঁচান তিনি। অন্যদিকে, অলিভিয়া ও সরিতাদের মাধ্যমে আক্রমণে ফেরার চেষ্টা চালায় ইস্টবেঙ্গল। কিন্তু প্রতিপক্ষের জমাট রক্ষণ ভেঙে গোলের মুখ খুলতে পারেনি লাল-হলুদ।

হার নিয়েই মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল (East Bengal AFC)
ম্যাচের ৭৩ মিনিটে পেনাল্টির দাবিতে এফভিএস রিভিউয়ের আবেদন জানায় ইস্টবেঙ্গল। তবে রিভিউ দেখার পর পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত নেননি রেফারি। শেষ পর্যন্ত ০-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় মশাল গার্লসদের।

আরও পড়ুন: East Bengal vs Chennaiyin FC: চেন্নাইয়ে গোলের বন্যায় ডুবল ইস্টবেঙ্গল, হাবাসের দলের পাঁচ গোল হজম
হারের মধ্যেও নতুন ইতিহাস (East Bengal AFC)
তবে ম্যাচের ফলাফল দিয়ে ইস্টবেঙ্গলের এই অভিযানকে বিচার করা যাবে না। গ্রুপের ফলাফলের ভিত্তিতে সেরা তৃতীয় স্থানাধিকারী দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লাল-হলুদ (East Bengal AFC)। আর সেই সঙ্গে প্রথম ভারতীয় মহিলা দল হিসেবে এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে ইস্টবেঙ্গল। ভারতীয় মহিলা ফুটবলের কাছে নিঃসন্দেহে এক স্মরণীয় মুহূর্ত এটি।



