Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: অ্যাওয়ে ম্যাচে ওমানের আল-সিবের বিরুদ্ধে জয়ের পরিস্থিতি তৈরি করেও শেষ পর্যন্ত ড্র করে ফিরতে হয়েছিল ইস্টবেঙ্গলকে (East Bengal vs Al Seeb)। এবার ঘরের মাঠে সেই আল-সিবের বিরুদ্ধেই নামতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। মঙ্গলবারের ম্যাচে লক্ষ্য একটাই, তিন পয়েন্ট তুলে নিয়ে এসিএল টু-এর পরবর্তী রাউন্ডে যাওয়ার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ফুটবলারদের ক্লান্তি কিছুটা হলেও চিন্তায় রাখছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো হাবাসকে।
গুরুত্বপূর্ণ ম্যাচ (East Bengal vs Al Seeb)
এসিএল টু-এর পরবর্তী রাউন্ডে যাওয়ার লড়াইয়ে এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। লিগ টেবলের তৃতীয় স্থানে থাকা ইস্টবেঙ্গলের সংগ্রহে রয়েছে দুই পয়েন্ট। অন্যদিকে, ওমানের দল আল-সিবের ঝুলিতে রয়েছে মাত্র এক পয়েন্ট। ফলে ঘরের মাঠে জয় পেলে প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও ভালো করার সুযোগ রয়েছে মহম্মদ রশিদদের সামনে।
আক্রমণভাগে রোটেশনের ভাবনা হাবাসের (East Bengal vs Al Seeb)
অ্যাওয়ে ম্যাচে আল-সিবের বিরুদ্ধে আক্রমণভাগে ডেভিড ও এডমুন্ডকে খেলিয়েছিলেন হাবাস। যদিও দলে রয়েছেন লুকাস জেলোনস্কি, লোবাদের মতো বিদেশি ফুটবলার। ইন্টার কাশীর বিরুদ্ধে গোলও রয়েছে লোবার। অন্যদিকে, আল-সিবের বিরুদ্ধে গোল না পেলেও আল-শোর্তার বিপক্ষে জালের দেখা পেয়েছেন ডেভিড। পরপর ম্যাচের ধকল সামলাতে আক্রমণভাগে রোটেশনের পথে হাঁটছেন ইস্টবেঙ্গল কোচ। মঙ্গলবারও প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ভারতীয় ফুটবলারদের উপর ভরসা (East Bengal vs Al Seeb)
প্রতিপক্ষ আল-সিবের দলে তিন বিদেশি ফুটবলারের পাশাপাশি রয়েছেন জাতীয় দলের ছয় ফুটবলার। তবে প্রতিপক্ষের শক্তি নিয়ে খুব একটা চিন্তিত নন হাবাস। তাঁর মতে, ভারতীয় ও বিদেশি ফুটবলারদের মধ্যে কোনও পার্থক্য নেই। প্রত্যেকেই দলের কাছে সমান গুরুত্বপূর্ণ।
হাবাসের কথায়, “আমার কাছে ভারতীয় এবং বিদেশি ফুটবলারদের মধ্যে কোনও পার্থক্য নেই। প্রত্যেকেই গুরুত্বপূর্ণ। এই দলে বেশ কয়েকজন ভালো ভারতীয় ফুটবলার রয়েছে। তাদের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। লুকাসরা আসার পর বিকল্প বেড়েছে। তবে নতুন ফুটবলারদের দলের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় দিতে হবে। তাদের সেই সুযোগ দিতে চাই। তবে সেটা পরিস্থিতি অনুযায়ী। ওদের ধীরে ধীরে দলের সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে।”
একসঙ্গে অনেক পরিবর্তনের নয় (East Bengal vs Al Seeb)
পরপর ম্যাচ খেলতে হওয়ায় ফুটবলারদের শারীরিক অবস্থা নিয়ে সতর্ক হাবাস। সামনে আরও ম্যাচ রয়েছে। তার পরেই কয়েকদিন বিশ্রামের সুযোগ পাবেন ফুটবলাররা। তাই দলের রোটেশন নিয়ে ভাবনাচিন্তা করলেও একসঙ্গে অনেক ফুটবলার পরিবর্তন করতে চান না তিনি।
এই প্রসঙ্গে হাবাস বলেন, “এই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। কারণ এর পরেও আবার ম্যাচ রয়েছে। তার পরে দল কয়েকদিন বিশ্রামের সুযোগ পাবে। ফুটবলারদের রোটেশনের কথা অবশ্যই ভাবছি। তবে একসঙ্গে দলের সত্তর শতাংশ ফুটবলার পরিবর্তন করতে চাই না। আমার অভিজ্ঞতায়, পাঁচ-ছ’জন কিংবা সাতজন ফুটবলারকে একসঙ্গে পরিবর্তন করলে দলের ফলাফলে তার প্রভাব পড়তে পারে। তাই প্রথমে প্রত্যেক ফুটবলারের শারীরিক অবস্থা খতিয়ে দেখব। তার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”
আরও পড়ুন: Real Madrid: খুদে সমর্থককে বলের আঘাত, ম্যাচ শেষে জার্সি উপহার চুয়ামেনির!
লক্ষ্য ঘরের মাঠে তিন পয়েন্ট (East Bengal vs Al Seeb)
সব মিলিয়ে আল-সিবের বিরুদ্ধে ম্যাচে জয়ই প্রধান লক্ষ্য ইস্টবেঙ্গলের (East Bengal vs Al Seeb)। তবে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে ফুটবলারদের ক্লান্তি এবং দলের ভারসাম্য বজায় রাখাই হাবাসের কাছে বড় চ্যালেঞ্জ। সঠিক রোটেশন ও ভারতীয় ফুটবলারদের উপর ভরসা রেখেই মঙ্গলবার তিন পয়েন্টের সন্ধানে নামতে চলেছে লাল-হলুদ ব্রিগেড।



