Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে রাজ্যে বাড়ছে আতঙ্ক ও বিভ্রান্তি। সেই আতঙ্কের জেরেই ফের মৃত্যু ঘটল এক বৃদ্ধার। ঘটনাটি হুগলির ডানকুনির। মৃতার নাম হাসিনা বেগম (৬০)। স্থানীয়দের দাবি, এসআইআর প্রক্রিয়া ঘিরে বাড়তে থাকা উদ্বেগে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
মেয়ের সঙ্গে ভাড়া থাকতেন (SIR)
জানা গিয়েছে, ডানকুনি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে মেয়ের সঙ্গে ভাড়া (SIR) থাকতেন হাসিনা বেগম। কিছুদিন ধরেই তিনি উদ্বেগে ভুগছিলেন, কারণ ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম নাকি ছিল না। স্থানীয় সূত্রের দাবি, সেই চিন্তাই ক্রমে আতঙ্কে রূপ নেয়। রবিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে, কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে।
এলাকায় শোকের ছায়া (SIR)
এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া (SIR) নেমে আসে। মৃতার বাড়িতে ছুটে যান ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম। তিনি বলেন, “এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভীষণ আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে যাঁদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই, তাঁরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। হাসিনা বেগমও সেই আতঙ্কেই ভুগছিলেন। শুনেছি, এলাকায় আরও একজন একই কারণে অসুস্থ হয়ে পড়েছেন।”
আতঙ্কজনক খবর
গত কয়েক সপ্তাহ ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এমন আতঙ্কজনক খবর উঠে আসছে। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে এনআরসি ও এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেন প্রদীপ কর নামে এক ব্যক্তি। তাঁর লেখা ‘সুইসাইড নোটে’ এই আতঙ্কের কথাই ছিল উল্লেখিত। তার পর কোচবিহারে ষাটোর্ধ্ব এক ব্যক্তি ২০০২ সালের ভোটার তালিকায় নামের বানান ভুল থাকার কারণে ভয় পেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বীরভূমের ইলামবাজারেও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে একই কারণে বলে অভিযোগ। এই ঘটনার পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইলামবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: FBI: এফবিআই-এর শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত, জেট বিতর্কে কাশ প্যাটেলকে ঘিরে তীব্র সমালোচনা
এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। অনেকেই জানাচ্ছেন, তাঁরা বুঝতে পারছেন না আসলে এই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া কীভাবে চলছে এবং কেন ২০০২ সালের ভোটার তালিকার উল্লেখ করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে অবশ্য আগেই বলা হয়েছিল, এটি নিয়মিত ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া-এর সঙ্গে এনআরসি বা নাগরিকত্ব যাচাইয়ের কোনও সম্পর্ক নেই। তবু বিভ্রান্তি কাটছে না।


