Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার অদূরে নদিয়া জেলার মায়াপুর আন্তর্জাতিক স্তরে পরিচিত এক তীর্থকেন্দ্র (Mayapur)। সারা বছর দেশ-বিদেশের অসংখ্য কৃষ্ণভক্ত ও পর্যটকের যাতায়াত লেগেই থাকে। বিশেষ করে গৌর পূর্ণিমা, জন্মাষ্টমী-সহ নানা ধর্মীয় উৎসবের সময় ভিড় কয়েক গুণ বেড়ে যায়। সেই সুযোগকেই কাজে লাগিয়ে সম্প্রতি মায়াপুরে তীর্থযাত্রীদের প্রতারণার শিকার হওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে।

কীভাবে চলছে প্রতারণার চক্র (Mayapur)
ইসকন সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা একাধিক ভুয়ো ওয়েবসাইট ও হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে ভুয়ো বুকিং চ্যানেল তৈরি করেছে। এই সব মাধ্যমের মাধ্যমে মায়াপুরের পরিচিত ও জনপ্রিয় গেস্ট হাউসগুলির ঘর দেওয়া হবে বলে মিথ্যা দাবি করা হচ্ছে। অনেক ক্ষেত্রে অত্যন্ত পেশাদারভাবে ওয়েবসাইট তৈরি করে, সরকারি বা অনুমোদিত সংস্থার মতো দেখানো হচ্ছে, যাতে সাধারণ মানুষ সহজেই বিভ্রান্ত হন।
এমনই একটি ভুয়ো ওয়েবসাইট হল www.prabhupadvillage.com। ইসকনের দাবি, এই ধরনের আরও বেশ কয়েকটি ওয়েবসাইট বর্তমানে সক্রিয় রয়েছে। কোথাও আবার বিশেষ ছাড়, প্যাকেজ সুবিধা কিংবা ‘লিমিটেড টাইম অফার’-এর মতো প্রলোভন দেখিয়ে দ্রুত টাকা পাঠাতে চাপ দেওয়া হচ্ছে।
দেশ-বিদেশের ভক্তরাও হচ্ছেন প্রতারিত (Mayapur)
শুধু বাংলার মানুষই নয়, মায়াপুরে যেহেতু ভারতের বিভিন্ন রাজ্য ও বিদেশ থেকেও বহু ভক্ত আসেন, তাই প্রতারণার শিকার হচ্ছেন নানা প্রান্তের মানুষ। অনলাইনে অগ্রিম টাকা পাঠিয়ে বুকিং নিশ্চিত করার আশায় যাত্রা শুরু করেন তাঁরা। কিন্তু মায়াপুরে পৌঁছে জানতে পারেন, সেই বুকিংয়ের কোনও অস্তিত্বই নেই। বহু ক্ষেত্রে পুরো টাকাটাই খোয়া যাচ্ছে বলে অভিযোগ।
ইসকনের এফআইআর ও পুলিশের তদন্ত (Mayapur)
এই ক্রমবর্ধমান প্রতারণার ঘটনায় ইসকন কর্তৃপক্ষ থানায় এফআইআর দায়ের করেছে। বিষয়টি বর্তমানে পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগের নজরে রয়েছে। অনলাইন জালিয়াতির সূত্র ধরে ভুয়ো ওয়েবসাইট, ফোন নম্বর ও ডিজিটাল লেনদেনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
একমাত্র অনুমোদিত বুকিং ওয়েবসাইট (Mayapur)
ইসকন স্পষ্টভাবে জানিয়েছে, মায়াপুরে রুম বুকিংয়ের জন্য একমাত্র সরকারি ও অনুমোদিত ওয়েবসাইট হল , https://www.visitmayapur.com/ এই ওয়েবসাইট ছাড়া অন্য কোনও ওয়েবসাইট, এজেন্ট, হোয়াটসঅ্যাপ নম্বর বা ফোন কলের মাধ্যমে বুকিং সম্পূর্ণ অননুমোদিত এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
বয়স্ক ও শিশুদের নিয়ে সমস্যায় পড়ছেন পরিবারগুলি (Mayapur)
ইসকনের মুখপাত্র রাধারমণ দাস জানিয়েছেন, অনেক মানুষ বয়স্ক বাবা-মা ও ছোট শিশুদের নিয়ে নিশ্চিন্ত বুকিংয়ের ভরসায় মায়াপুর যান। কিন্তু সেখানে গিয়ে প্রতারিত হওয়ার বিষয়টি জানার পর তাঁরা চরম সমস্যায় পড়েন। থাকার জায়গা না পাওয়া ছাড়াও মানসিক চাপ ও আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় তাঁদের। এই বিষয়টি সর্বোচ্চ স্তরে জানানো হয়েছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: Indo US : “পুরুষ কি গর্ভবতী হতে পারে?” প্রশ্নেই ভাইরাল ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক
সচেতনতার বার্তা
মায়াপুরে যাঁরা ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের প্রতি ইসকনের আবেদন, কোনও রকম প্রলোভন, ছাড় বা অচেনা ওয়েবসাইটের দাবিতে বিশ্বাস না করে শুধুমাত্র অনুমোদিত ওয়েবসাইটের মাধ্যমেই বুকিং করুন। সামান্য অসতর্কতা যে বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে, এই ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ।



