Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: মোহনবাগান ক্লাব বললেই যে নামটি স্বাভাবিকভাবেই উঠে আসে, তিনি টুটু বসু। এক সময় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদও ছিলেন তিনি। এবার সেই টুটু বসু ও তাঁর গোটা পরিবারকে এসআইআর (SIR) সংক্রান্ত শুনানিতে তলব করা হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি বালিগঞ্জ গভর্মেন্ট হাইস্কুলে হাজিরা দিতে বলা হয়েছে টুটু বসু, তাঁর পুত্র তথা মোহনবাগান সচিব ও প্রাক্তন সাংসদ সৃঞ্জয় বসু সহ পরিবারের অন্যান্য সদস্যদের।
২০০২ সালের ভোটার তালিকা ঘিরে প্রশ্ন(SIR)
সূত্রের খবর, ২০০২ সালের ভোটার তালিকায় টুটু বসু ও তাঁর পরিবারের নাম খুঁজে পাওয়া যায়নি। বসু পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই সময় তাঁরা হাঙ্গারফোর্ড স্ট্রিট এলাকার বাসিন্দা ছিলেন। কিন্তু সেই অঞ্চলের ভোটার লিস্টে তাঁদের নাম না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথমে বিএলও-র তরফে সব ঠিক আছে বলা হলেও পরে শুনানিতে হাজিরা দেওয়ার নির্দেশ আসে।

অসুস্থ টুটু বসু, হাজিরা নিয়ে জটিলতা(SIR)
বর্তমানে টুটু বসু কলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, যা বালিগঞ্জ বিধানসভার অন্তর্গত। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গুরুতর অসুস্থতার কারণে টুটু বসুর পক্ষে শুনানিতে সশরীরে হাজিরা দেওয়া সম্ভব নয়। হুইলচেয়ার ছাড়া তাঁর চলাফেরা কার্যত অসম্ভব। যদিও সৃঞ্জয় বসু ও পরিবারের অন্যান্য সদস্যরা এসআইআর (SIR) সংক্রান্ত শুনানিতে যাবেন বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: CGO Complex: আইপ্যাক-কাণ্ডের পরেই ইডি দফতরে বাড়ল নিরাপত্তা, মোতায়েন সিআরপিএফ
কুণাল ঘোষের ক্ষোভ
এই তলব ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মোহনবাগান সহ-সভাপতি ও তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, টুটু বসুকে এখন প্রমাণ করতে হচ্ছে তিনি বাংলার নাগরিক কিনা। তাঁর দাবি, বাংলা ও বাঙালির উপর এই ‘অত্যাচারের’ জবাব আসন্ন নির্বাচনে দেওয়া হবে।
বিশিষ্টদের উপর তলবের ধারা
প্রসঙ্গত, এসআইআর শুনানিতে ইতিমধ্যেই নোবেলজয়ী অমর্ত্য সেন, কবি জয় গোস্বামী, ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির মতো বহু বিশিষ্ট ব্যক্তিত্বকে তলব করা হয়েছে। এই ইস্যুতে প্রতিবাদে পথে নেমেছেন প্রায় ১৫০ জন ক্রীড়াবিদ। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। সেই আবহেই এবার তলব এল মোহনবাগানের প্রবাদপ্রতিম নাম টুটু বসুর।


