Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে এবার আরও বড়সড় প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার (Gangasagar Mela)। পুণ্যার্থীদের রাজ্যে প্রবেশ থেকে শুরু করে গঙ্গাসাগরে পৌঁছনো, পুণ্যস্নান, কপিলমুনির আশ্রমে পুজো দেওয়া এবং শেষ পর্যন্ত নিরাপদে বাড়ি ফেরা—পুরো যাত্রাপথে সমন্বিত পরিষেবা দেওয়ার পরিকল্পনা করছে নবান্ন। মেলার আয়তন ও পুণ্যার্থীর সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় যাতায়াত, থাকা, খাওয়া এবং নিরাপত্তার মতো প্রতিটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই এই নিয়ে দফায় দফায় প্রশাসনিক বৈঠক চলছে।
কয়েক লক্ষ অস্থায়ী তাঁবু, বাড়ছে পরিষেবার পরিসর (Gangasagar Mela)
প্রশাসন সূত্রে খবর, অন্যান্য বছরের তুলনায় এবছর গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের ভিড় অনেকটাই বাড়তে পারে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে কয়েক লক্ষ অস্থায়ী তাঁবু। মেলাপ্রাঙ্গণ এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে গড়ে তোলা হবে অস্থায়ী শিবির। পাশাপাশি পানীয় জল, স্নানের ব্যবস্থা, ভাণ্ডারা এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার পরিকাঠামোও বাড়ানো হবে। পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে বাড়ানো হবে স্নানের ঘাটের সংখ্যাও। কপিলমুনির আশ্রমে পুজো দেওয়ার সময় যাতে অতিরিক্ত ভিড় বা বিশৃঙ্খলা তৈরি না হয়, তার জন্যও বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে।
ভিআইপি নয়, সকলের জন্য সমান পরিষেবার বার্তা (Gangasagar Mela)
এবারের গঙ্গাসাগর মেলায় ভিআইপি-দের জন্য আলাদা কোনও বিশেষ ব্যবস্থা থাকছে না বলেই নবান্নের শীর্ষকর্তাদের সূত্রে খবর। প্রশাসনের লক্ষ্য, সাধারণ পুণ্যার্থী থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তি—সকলেই যেন একই ধরনের পরিষেবা পান। মেলার বিভিন্ন প্রান্তে থাকবে অনুসন্ধান কেন্দ্র, সচিত্র পরিচয়পত্র এবং বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক। ফলে কোনও পুণ্যার্থী সমস্যায় পড়লে দ্রুত সাহায্য পাওয়ার সুযোগ থাকবে।
এআই, সিসিটিভি ও হেলিকপ্টারে নজরদারি (Gangasagar Mela)
নিরাপত্তার ক্ষেত্রেও এবার আধুনিক প্রযুক্তির উপর বিশেষ জোর দিচ্ছে রাজ্য সরকার। কলকাতা থেকে গঙ্গাসাগর পর্যন্ত যাতায়াতের পথে এবং মেলাপ্রাঙ্গণে সিসিটিভি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে নজরদারির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি হেলিকপ্টারের মাধ্যমেও আকাশপথে নজরদারি চালানো হবে। জলপথেও রাজ্য প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর যৌথ নজরদারির পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: Government Job: রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের পাশে রাজ্য, মিলবে গ্রুপ-ডি চাকরি
জলপথে বাড়তি ভেসেল, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক
পুণ্যার্থীদের যাতায়াত আরও মসৃণ করতে জলপথে অতিরিক্ত ভেসেল রাখার পরিকল্পনা করা হয়েছে। মেলা চলাকালীন যাতে পারাপারে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে না হয়, সেদিকেও নজর দেওয়া হচ্ছে। নিরাপত্তা ও পরিষেবা সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই একাধিক বৈঠক হয়েছে। নবান্ন সূত্রে খবর, বুধবার ফের প্রশাসনিক বৈঠক হওয়ার কথা। কলকাতা থেকে আধিকারিকদের কাকদ্বীপে যাওয়ারও পরিকল্পনা রয়েছে।



