Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: রাস্তা চেনা ছিল না (Google Map)। তাই ভরসা Google Map-এর উপর। কিন্তু সেই পথই শেষ পর্যন্ত নিয়ে গেল বিপদের মুখে। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে Google Map দেখে বাইক চালাতে গিয়ে ধস নামা রাস্তার খাদে পড়ে গুরুতর জখম হলেন এক যুবক। রাতভর খোঁজাখুঁজির পর শনিবার সকালে তাঁকে উদ্ধার করে পুলিশ।
Google Map ই হলো কাল (Google Map)
আহত বাইকচালকের নাম প্রসূন বন্দ্যোপাধ্যায় । কাঁকসার বাসিন্দা প্রসূন পেশায় কেবল অপারেটর। কাজের সূত্রে শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়েছিলেন। রাস্তা অপরিচিত হওয়ায় পথ দেখাচ্ছিল Google Map। কয়েক কিলোমিটার যাওয়ার পর আচমকাই বিপত্তি। বাইক-সহ তিনি পড়ে যান একটি গভীর খাদে। দুর্ঘটনার পর কোনও ভাবে আত্মীয়দের ফোন করেছিলেন প্রসূন। কিন্তু তখন তাঁর কথা জড়িয়ে যাচ্ছিল। কোথায় রয়েছেন, সেটাও ঠিক করে বলতে পারছিলেন না। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এরপর শুরু হয় রাতভর তল্লাশি।
লোকেশন ট্র্যাক করে উদ্ধার
দুর্ঘটনাস্থলটি পাণ্ডবেশ্বরের হরিপুরের পুরনো ভাটমুড়া এলাকার কাছে। জায়গাটি ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের (ECL) অধিগৃহীত এলাকার মধ্যে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছু দিন আগে ওই এলাকায় ধস নেমে রাস্তার একাংশ ভেঙে যায়। রাস্তা বন্ধ করে দেওয়া হলেও বিষয়টি অনেকের জানা ছিল না বলেই দাবি স্থানীয়দের। পুলিশ জানিয়েছে, মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে শনিবার সকালে প্রসূনের অবস্থান শনাক্ত করা হয়। পরে কয়লাখনি কর্তৃপক্ষের সহায়তায় তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার করার সময়ও তিনি ঠিক ভাবে কথা বলতে পারছিলেন না। আপাতত দুর্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
আরও পড়ুন: Rejinagar Tmc Candidate: রেজিনগরে মমতাপন্থী প্রার্থীর ইউটার্ন! ভোটের ময়দানে লড়াইয়ের সিদ্ধান্ত
সঠিক কারন জানা যায়নি এখনও
স্থানীয়দের বক্তব্য, বিপজ্জনক ওই রাস্তা বন্ধ থাকার বিষয়টি আরও স্পষ্ট ভাবে জানানো প্রয়োজন। প্রসূন সুস্থ হওয়ার পরই দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।


