Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি ও প্রযুক্তি শিল্পে কর্মী ছাঁটাইয়ের প্রবণতা ক্রমশ বাড়ছে (Qualcomm)। অ্যামাজন-সহ একাধিক বহুজাতিক সংস্থার পর এবার সেই তালিকায় যুক্ত হল বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় চিপ প্রস্তুতকারক সংস্থা কোয়ালকম (Qualcomm)। বিশ্বজুড়ে সংস্থার একাধিক শাখায় কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই খবরে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে কর্মীদের মধ্যে। বিশেষ করে ভারতের কর্মীদের জন্য পরিস্থিতি আরও চিন্তার, কারণ এ দেশে প্রায় এক হাজার কর্মী ছাঁটাই হতে পারেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

নতুন করে পুনর্গঠনের পথে কোয়ালকম (Qualcomm)
সংস্থার সিইও ক্রিশ্চিয়ানো আমন একটি ইমেলের মাধ্যমে কর্মীদের ছাঁটাই ও পুনর্গঠন প্রক্রিয়া সম্পর্কে জানিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, সংস্থার কাজের মান উন্নত করা এবং কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে। তবে ঠিক কতজন কর্মীকে ছাঁটাই করা হবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও সংখ্যা প্রকাশ করেনি কোয়ালকম।
ভারতে কি চাকরি হারাবেন ১,০০০ কর্মী? (Qualcomm)
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতের কোয়ালকম কার্যালয়গুলিতেও ইতিমধ্যে কয়েকজন কর্মী ছাঁটাইয়ের নোটিশ পেয়েছেন। সূত্রের খবর, ভারতে প্রায় ১,০০০ কর্মী কাজ হারাতে পারেন। ২০২৫ সালের সেপ্টেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বজুড়ে কোয়ালকমে প্রায় ৫২ হাজার কর্মী কর্মরত ছিলেন। ফলে এই ছাঁটাইয়ের খবর প্রযুক্তি শিল্পে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
ছাঁটাই কর্মীদের জন্য কী ক্ষতিপূরণ দেবে সংস্থা? (Qualcomm)
কর্মীদের আর্থিক সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ সিভারেন্স প্যাকেজের ব্যবস্থা করেছে কোয়ালকম। সমাজমাধ্যমে ছাঁটাই হওয়া কর্মীদের বিভিন্ন পোস্ট অনুযায়ী, এই প্যাকেজে থাকতে পারে মূল বেতনের দু’সপ্তাহের সমপরিমাণ অর্থ, সংস্থায় কাজের প্রতি বছরের জন্য অতিরিক্ত দু’সপ্তাহের বেতন এবং অসম্পূর্ণ বছরের জন্য আনুপাতিক ক্ষতিপূরণ। পাশাপাশি স্বাস্থ্যবিমার জন্য এককালীন অর্থ দেওয়ার কথাও উঠে এসেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তিতে স্বাক্ষর করলে অতিরিক্ত এক মাসের বেতন পাওয়ার সুযোগও থাকতে পারে।
স্মার্টফোনের বাজারে চাপ, বাড়ছে ব্যবসায়িক অনিশ্চয়তা
কোয়ালকমের এই সিদ্ধান্তের পিছনে একাধিক ব্যবসায়িক কারণ রয়েছে। বিশ্বজুড়ে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদায় ঘাটতি, মেমোরি চিপের দাম বৃদ্ধি এবং অ্যাপলের কাছ থেকে ভবিষ্যতে আয় কমে যাওয়ার আশঙ্কা সংস্থার উপর চাপ তৈরি করেছে। পাশাপাশি, সিইওর বক্তব্যে কর্মীদের প্রত্যাশিত কর্মদক্ষতা নিয়েও প্রশ্ন উঠে এসেছে।
আরও পড়ুন: Swapnil Chakrabarty: কবিতার আড়ালে প্রতারণার জাল! স্বপ্ননীল চক্রবর্তীকে নিয়ে সমাজমাধ্যমে তোলপাড়
AI ও ডেটা সেন্টারে নতুন করে নজর
স্মার্টফোন চিপের বাজারের উপর নির্ভরতা কমাতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সেন্টার এবং অটোমোবাইল প্রযুক্তির মতো সম্ভাবনাময় ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে চাইছে কোয়ালকম। অর্থাৎ ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনায় বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে সংস্থাটি।



