Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গুরুগ্রামের সেক্টর ৪৫ বৃহস্পতিবার রাতে গুলির শব্দে কেঁপে উঠল (Gurugram)। অফিসপাড়া ও জনবসতিপূর্ণ এলাকায় আচমকা দুষ্কৃতীদের হামলায় আতঙ্ক ছড়াল চারিদিকে। রাত সাড়ে ৯টা নাগাদ এমএনআর বিল্ডমার্ক নামের এক নির্মাণ সংস্থার অফিসেই ঘটে এই ঘটনা। স্থানীয়দের অভিযোগ, সেক্টর ৪০ থানার থেকে ঢিল ছোড়া দূরত্বেই এমন নৃশংস ঘটনা ঘটলেও পুলিশ সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।
কোথায় ঘটল হামলা? (Gurugram)
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থল ছিল সেক্টর ৪৫-এর এমএনআর বিল্ডমার্কের অফিস। রাতের নিস্তব্ধতা ভেঙে প্রথম গুলির শব্দ শোনেন স্থানীয়রা। আতঙ্কে অনেকেই বাড়ির ছাদ থেকে উঁকি দেন, কেউ কেউ জানলা-দরজা বন্ধ করে দেন। এরপরেই খবর যায় সেক্টর ৪০ থানায়।
দুষ্কৃতীদের তাণ্ডব (Gurugram)
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুখোশ পরা ৪ থেকে ৫ জন দুষ্কৃতী লোহার গেট টপকে অফিসে প্রবেশ করে। ঢুকেই তারা নির্বিচারে গুলি চালাতে শুরু করে। পরপর প্রায় ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি ছোড়া হয়। অফিসের চত্বরে রাখা দুটি বিলাসবহুল গাড়িকেও লক্ষ্য করে গুলি চালানো হয়। ফলে গাড়িগুলির ক্ষতি হয় ব্যাপক। তবে সৌভাগ্যবশত, কেউ আহত হননি।
নিরাপত্তা নিয়ে প্রশ্ন (Gurugram)
অফিসপাড়ায় রাতবিরেতে এমন গুলিবর্ষণ ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। যেখানে থানার দূরত্ব মাত্র কয়েক মিনিটের, সেখানে কীভাবে দুষ্কৃতীরা এতক্ষণ ধরে অবাধে তাণ্ডব চালাতে পারল? এলাকার মানুষ অভিযোগ তুলেছেন—নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও পুলিশের শিথিলতায় এই ঘটনার সাহস পেয়েছে দুষ্কৃতীরা।
নিরাপত্তারক্ষীদের অনুপস্থিতি! (Gurugram)
ঘটনার সময় অফিসে নিরাপত্তারক্ষীরা থাকলেও তাঁরা ভিতরের দিকে অবস্থান করছিলেন। তাই তাঁরা সরাসরি হামলার মুখে পড়েননি। এর ফলে হতাহতের ঘটনা ঘটেনি বলেই জানিয়েছে সংস্থার কর্তৃপক্ষ। তবে এমন বড়সড় আক্রমণের সময় বাইরে নিরাপত্তারক্ষীদের অনুপস্থিতি নিয়েও উঠছে প্রশ্ন।
আরও পড়ুন: West Bengal Weather: মহালয়ার প্যান্ডেল হপিং কি ভিজে যাবে বৃষ্টির দাপটে?
দায় স্বীকার গ্যাংস্টারের!
ইতিমধ্যেই এই গুলিকাণ্ডের দায় স্বীকার করেছে কুখ্যাত গ্যাংস্টার দীপক নন্দল। তাঁর দাবি, বিল্ডারের মালিকের এক আত্মীয় তাঁর বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করেছে। সেই প্রতিশোধ নিতেই অফিসে ঢুকে গুলিবর্ষণ করেছে তাঁর দল। পুলিশের তরফে জানানো হয়েছে, দীপক নন্দলের দলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।



