Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: হাওড়া স্টেশন চত্বরে গভীর রাতে বড়সড় (Howrah Station) উচ্ছেদ অভিযান চালাল রেল পুলিশ। স্টেশনের বাইরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বেআইনি দোকান, ডালা ও অস্থায়ী কাঠামোর বিরুদ্ধে শনিবার রাতভর চলে বুলডোজার অভিযান। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রায় দেড়শোরও বেশি অবৈধ দোকান ভেঙে ফেলা হয়েছে।
প্রয়োজন পর্যাপ্ত ফাঁকা জায়গা (Howrah Station)
রেল সূত্রে দাবি, প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর চাপ (Howrah Station) সামলাতে হাওড়া স্টেশন চত্বরে পর্যাপ্ত ফাঁকা জায়গা প্রয়োজন। কিন্তু স্টেশনের বাইরে ফুটপাত ও যাতায়াতের রাস্তা জুড়ে অসংখ্য ব্যবসায়ী অবৈধভাবে দোকান বসিয়ে রাখায় যাত্রীদের চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছিল। বহুবার সতর্ক করা হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলেই অভিযোগ।
জারি নির্দেশ (Howrah Station)
শনিবার রাতেই বিশাল পুলিশবাহিনী নিয়ে এলাকা ঘিরে ফেলে রেল পুলিশ। এরপর একে একে বুলডোজার দিয়ে দোকানগুলি ভাঙা শুরু হয়। মাইকিং করে সাধারণ মানুষকে এলাকা ফাঁকা রাখার নির্দেশ দেওয়া হয়। অনেকে আগেভাগে নিজেদের মালপত্র সরিয়ে নিতে সক্ষম হলেও বহু দোকান মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে যায়।
আদালতের নির্দেশ
রেল পুলিশের দাবি, আদালতের নির্দেশ মেনেই এই অভিযান চালানো হয়েছে। ব্যবসায়ীদের আগেই উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছিল বলেও জানানো হয়েছে। যদিও ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, খুব অল্প সময়ের নোটিশে তাঁদের দোকান সরাতে বলা হয়েছিল।
আরও পড়ুন: Maharashtra News: মন্দিরে ঢোকাই অপরাধ, মহিলার গলায় পরানো হল জুতোর মালা
অন্যদিকে বহু যাত্রী এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে স্টেশন চত্বরে অতিরিক্ত ভিড় ও দোকানের কারণে যাতায়াতে ভোগান্তি হচ্ছিল। উচ্ছেদের পর এলাকা অনেকটাই খোলামেলা হওয়ায় সাধারণ মানুষের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।


