Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের প্রথম একাদশ নিয়ে বড় ইঙ্গিত দুসখাতের (Ind vs SA)।
লড়াইয়ে প্রস্তুত দুই দল (Ind vs SA)
শুক্রবার থেকে ইডেন টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বুধবারও ইডেনে জোরকদমে অনুশীলন সারল দুই দল। শুভমন গিলদের হারিয়ে ইতিহাস তৈরি করতে মুখিয়ে টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন তেম্বা বাভুমারা। অন্যদিকে তারুণ্যে ভর করে জয় ছাড়া কিছুই ভাবছে ভারতীয় শিবির (Ind vs SA)।
শুক্রবার থেকে ইডেনে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা।গত মঙ্গলবার থেকেই অনুশীলনে নেমে পড়েছে দুই দল। আগের দিন ঐচ্ছিক অনুশীলনে অনেকে গড়হাজির থাকলেও বুধবার ইডেনে পুরো দমে অনুশীলন করল ভারতীয় দল। কেএল রাহুল, জয়সওয়ার, অধিনায়ক গিল, সাই সুদর্শন, রবীন্দ্র জাদেজারা নেটে পেস ও স্পিন বোলিংয়ে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করলেন। চোট সারিয়ে এই সিরিজে কামব্যাক করা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থও কোচ গম্ভীরের কড়া নজরদারিতে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন সারলেন। নেটে সাবলীল ছন্দেই দেখা গেল পন্থকে। ঘুরিয়ে ফিরিয়ে সব নেটেই অনুশীলন করতে দেখা গেল সকলকে। দুই পেসার জশপ্রিত বুমরা ও মহম্মদ সিরাজ এবং স্পিনার কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দররাও বোলিংয়ে নেটে ঘাম ঝরালেন (Ind vs SA)।
দক্ষিণ আফ্রিকা যে কঠিন প্রতিপক্ষ তা বুধবার সাংবাদিক সম্মেলনে এসে স্বীকার করে নিলেন ভারতের সহকারী কোচ রায়ান টেন দুসখাতে। প্রতিপক্ষ দলে চার ভালো স্পিনার রয়েছে। এবং চলতি বছরে প্রোটিয়াদের টেস্ট পারফরমেন্স নিয়েও সমীহের সুর শোনা গেল দুসখাতের গলায়। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। শেষ ১০ মাস ধরে ওরা দারুণ খেলছে। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। তাই দারুন একটা লড়াই হবে।’ তাছাড়াও ভারতীয় কোচ প্রোটিয়াদের দলে থাকা চার স্পিনারের কথাও উল্লেখ করেন এবং বলেন সেটা উপমহাদেশ উইকেটে বড় চ্যালেঞ্জ।

বুধবার ইডেন টেস্টে ভারতের প্রথম একাদশ নিয়েও বড়সড় ইঙ্গিত দিয়ে গেলেন সহকারী কোচ রায়ান টেন দুসখাতে। ঋষভ পন্থ এবং ধ্রুব জুরেলের প্রথম একাদশে থাকার সম্ভাবনার কথা নিজেই জানালেন তিনি। পন্থ দলে এলে সেক্ষেত্রে বাদ পড়তে পারেন নীতিশ রেড্ডি। তিনি বলেন, ‘নীতিশ রেড্ডির জায়গায় ধ্রুব জুরেল খেললে আমি অবাক হব না। পরিস্থিতি বিচার করেই টিম কম্বিনেশন তৈরি করা হবে।’ সেই সঙ্গে ব্যাটিং গভীরতা বাড়াতে স্পিনিং অলরাউন্ডারেই ভরসা করতে চাইছেন গম্ভীর। দুই পেসার বুমরা ও সিরাজ নিশ্চিত। ইডেনের উইকেটের কথা ভেবে তিন স্পিনারে খেললে কুলদীপ যাদবের জায়গা পাকা। সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে একজনকে বাদ পড়তে হবে। তবে সেই একজন কে? তা খোলসা করেননি দুসখাতে (Ind vs SA)।
আরও পড়ুন: ICC: কোনও ম্যাচ না খেলেই বাবরকে টপকালেন কোহলি
অপর দিকে প্রায় ১৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট খেলবে বাভুমা, মার্করামরা। ইডেনেও প্রায় ৬ বছর পর বসছে টেস্ট ম্যাচের আসর। জিততে মরিয়া দুরন্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার এর মতো বুধবারও ইডেনে জোরকদমে অনুশীলন সারলেন বাভুমা, মার্করাম, রাবাডা, মার্কো জেনসনরা। গত জুনেই লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জিতেছে তেম্বা বাভুমারা। দলে মার্করাম, রিকেলটনের মতো ব্যাটার রয়েছে। রাবাডা, জেনসনের মতো পেসার রয়েছে। কেশব মহারাজ, সেনুরন মুথুস্বামীর মতো স্পিনার আছে। স্পিনাররাই বড় ফ্যাক্টর বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার কোচ সুকরি কনরাড।
বুধবার সাংবাদিক বৈঠকে কনরাড বলেছেন, ‘দলে ভাল স্পিনার থাকায় আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। মোটেও বলছি না, আগে আমাদের ভাল স্পিনার ছিল না কিন্তু এখন কেশব, সাইমন ও সেনুরানদের নিয়ে গঠিত স্পিন ত্রয়ী আগের থেকেও শক্তিশালী।’ তাঁর সংযোজন, ‘যদি পিচ স্পিনের পক্ষে অনুকূল হয়, তবে আমাদের স্পিনাররাও ভারতীয় ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলবে। ইডেনে শুধু নয়, টেস্ট সিরিজ জিতে নতুন ইতিহাস তৈরির লক্ষ্য নিয়েই আমরা নামব (Ind vs SA)। বিরাট, রোহিত না থাকলেও এই ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী। শুভমন, সিরাজ, জয়সওয়ালদের মতো প্রতিভাবান তরুণ তারকারা রয়েছে। যথেষ্ট ভালো খেলছে।’


