Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতে ক্রমশ তীব্র হয়ে উঠছে গরমের প্রকোপ, আর এর সঙ্গে যোগ হয়েছে এক “নীরব বিপদ” আর্দ্র তাপ বা হিউমিড হিট (India Heat)।
বেশি হিটওয়েভের সম্ভাবনা (India Heat)
ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, এ বছর বহু অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি সংখ্যক হিটওয়েভ দিনের সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে, এমনকি যেসব এলাকায় আনুষ্ঠানিকভাবে হিটওয়েভ ঘোষিত না-ও হতে পারে, সেখানেও তীব্র গরম অনুভূত হবে।
হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ছে
আর্দ্র তাপ বলতে বোঝায় উচ্চ তাপমাত্রা ও বেশি আর্দ্রতার সংমিশ্রন। গরম বাড়লে বাতাসে জলীয় বাষ্প ধারণের ক্ষমতাও বেড়ে যায়। ফলে বাতাসে আর্দ্রতা বেশি থাকলে শরীরের ঘাম শুকোতে পারে না। সাধারণত ঘাম বাষ্পীভবনের মাধ্যমে শরীর ঠান্ডা রাখে, কিন্তু আর্দ্র পরিবেশে এই প্রক্রিয়া ব্যাহত হয়। এতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে এবং হিট স্ট্রেস, হিট এক্সহস্টশন ও হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে।
‘ওয়েট-বাল্ব টেম্পারেচার’
বিজ্ঞানীরা এই বিপদের মাত্রা বোঝার জন্য ‘ওয়েট-বাল্ব টেম্পারেচার’ (WBT) ব্যবহার করেন, যা তাপমাত্রা ও আর্দ্রতা মিলিয়ে শরীরের ওপর প্রভাব নির্ধারণ করে। গবেষণায় দেখা গেছে, ১৯৮১ থেকে ২০২০ সালের মধ্যে ভারতের উপকূলীয় এলাকায় WBT উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিশেষ করে পূর্ব উপকূলে এই বৃদ্ধি বেশি।
উপকূলীয় অঞ্চলে পরিস্থিতি উদ্বেগজনক (India Heat)
কেরলসহ উপকূলীয় অঞ্চলে পরিস্থিতি আরও উদ্বেগজনক। এখানে তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও আর্দ্রতার কারণে মানুষ বেশি অসুস্থ বোধ করছেন। বয়স্ক, অসুস্থ ব্যক্তি এবং খোলা আকাশের নিচে কাজ করা শ্রমিকরা সবচেয়ে বেশি ঝুঁকিতে।
আরও পড়ুন: Pappu Women: পুরুষদের ঘরে না গেলে মহিলারা রাজনীতিতে টিঁকতে পারেন না, এ কী বললেন পাপ্পু যাদব!
সচেতনতাই পারে বিপদ এড়াতে (India Heat)
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, শুধু তাপমাত্রা নয়, আর্দ্রতা ও দীর্ঘস্থায়ী গরমকেও গুরুত্ব দিতে হবে। আগাম সতর্কতা, হিট অ্যাকশন প্ল্যান এবং সচেতনতা বাড়ানোই পারে এই বাড়তে থাকা বিপদ মোকাবিলার প্রধান উপায়।



