Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দ্বিতীয় দিনের শেষেই স্পষ্ট হয়ে গিয়েছিল ক্রাইস্টচার্চ টেস্টে ভারতকে (India vs New Zealand Test) লড়তে হবে ম্যাচ বাঁচানোর জন্য। তৃতীয় দিনের শেষে সেই সম্ভাবনা আরও জোরালো হল। ধ্রুব জুড়েলের অসামান্য ইনিংস এবং ব্যাট হাতে আকাশ দীপ, গুরনুর ব্রারদের লড়াই ছাড়া তৃতীয় দিনে ভারতের প্রাপ্তি বলতে কার্যত হতাশাই। একদিকে ব্যাটিং বিপর্যয়, অন্যদিকে বোলারদের ব্যর্থতা। সব মিলিয়ে ম্যাচে ক্রমশ নিয়ন্ত্রণ বাড়াচ্ছে নিউজিল্যান্ড।
ঘুরে দাঁড়াতে পারল না ভারত (India vs New Zealand Test)
দেওয়াল লিখন অবশ্য দ্বিতীয় দিনেই স্পষ্ট হয়ে গিয়েছিল। দিনের শেষে ৬ উইকেট হারিয়ে পাহাড়প্রমাণ চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। এদিন সাতসকালে খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান অংশুল কাম্বোজ। দলে যাঁর জায়গা হয়েছে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে। কাম্বোজের কাছে যে ব্যাটিংয়ের প্রত্যাশা ছিল, তা অবশ্য করে দেখান আকাশ দীপ। জুড়েলের সঙ্গে মিলে ৪৬ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে ফলো-অনের লজ্জা থেকে বাঁচান বাংলার এই পেসার। ৫২ বলে ২৯ রান করেন তিনি।
মাঠ ছাড়তে হল আকাশ দীপকে (India vs New Zealand Test)
আকাশের ইনিংস চলাকালীন কাইল জেমিসনের বল দু’বার তাঁর হেলমেটে লাগে। তখন অবশ্য চোটের গুরুত্ব বোঝা যায়নি। কিন্তু পরে বিসিসিআই জানায়, আকাশ দীপের চোট বেশ গুরুতর। তাঁর পরিবর্তে কনকাশন সাবস্টিটিউট হিসেবে খেলবেন প্রসিদ্ধ কৃষ্ণ। ফলে শুধু ব্যাটিংয়েই নয়, বোলিং বিভাগেও বড় ধাক্কা খায় ভারত।
জুড়েল-গুরনুরের লড়াই (India vs New Zealand Test)
আকাশ দীপ আউট হওয়ার পর গুরনুর ব্রারের সঙ্গে জুটি বাঁধেন জুড়েল। দশম উইকেটের সেই জুটি ৬৪ রান যোগ করে। শেষ উইকেটে বুমরাহর সঙ্গে আরও ২১ রান যোগ করেন ভারতের উইকেটকিপার-ব্যাটার। শেষ পর্যন্ত ৮৮ রান করে আউট হন জুড়েল। টপ অর্ডার ও মিডল অর্ডারের চরম ব্যর্থতার পরও ভারত যে ২৪৬ রান তুলতে পেরেছে, তার কৃতিত্ব নিঃসন্দেহে জুড়েলের। কিন্তু তাতেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের থেকে ১১০ রানে পিছিয়েই থাকে ভারত।
দ্বিতীয় ইনিংসেও দাপট নিউজিল্যান্ডের (India vs New Zealand Test)
এই ম্যাচে কামব্যাক করতে হলে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে দ্রুত অলআউট করা জরুরি ছিল ভারতের। কিন্তু তৃতীয় দিনের শেষে তেমন কোনও লক্ষণ দেখা গেল না। দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১৩৩ রান। ডেভন কনওয়ে করেছেন ৫১ রান। অন্যদিকে, রাচীন রবীন্দ্র ৪৬ এবং ড্যারিল মিচেল ৫ রান করে অপরাজিত রয়েছেন। ফলে নিউজিল্যান্ডের মোট লিড ইতিমধ্যেই ২৪৬ রানে পৌঁছে গিয়েছে।
বুমরাহ ছাড়া বোলিংয়ে বাকিরা নিষ্প্রভ (India vs New Zealand Test)
ভারতের বোলিং বিভাগেও এদিন খুব একটা স্বস্তির ছবি দেখা যায়নি। জসপ্রীত বুমরাহ ছাড়া অন্য কোনও বোলারকে সেভাবে প্রভাব ফেলতে দেখা যায়নি। বুমরাহ পেয়েছেন দু’টি উইকেট। একটি উইকেট এসেছে ওয়াশিংটন সুন্দরের ঝুলিতে। অন্যদিকে, অংশুল কাম্বোজ ও প্রসিদ্ধ কৃষ্ণরা যথেষ্ট রান খরচ করেছেন। আকাশ দীপের চোটের কারণে মাঠের বাইরে চলে যাওয়া এবং মহম্মদ সিরাজের অনুপস্থিতি যে ভারতীয় বোলিং আক্রমণকে দুর্বল করেছে, তা এদিন বেশ ভালোভাবেই বোঝা গেল।
আরও পড়ুন: Derby Ticket: মোহনবাগানের টিকিটে লাল-হলুদ, ইস্টবেঙ্গলের টিকিট সবুজ-মেরুন! ডার্বির আগে এ কী কাণ্ড?
ম্যাচ বাঁচানোই এখন ভারতের প্রধান লক্ষ্য (India vs New Zealand Test)
সব মিলিয়ে তৃতীয় দিনের শেষে ক্রাইস্টচার্চ টেস্টে ভারত যথেষ্ট কঠিন পরিস্থিতিতে (India vs New Zealand Test)। ব্যাট হাতে জুড়েলের লড়াই এবং আকাশ দীপের অবদান দলকে ফলো-অন থেকে বাঁচালেও ম্যাচের ছবিটা বদলাতে পারেনি। নিউজিল্যান্ডের হাতে বড় লিড, ক্রিজে সেট ব্যাটার এবং ভারতের বোলিংয়ে ধারাবাহিকতার অভাব। চতুর্থ দিনে দ্রুত উইকেট তুলে নেওয়াই এখন টিম ইন্ডিয়ার প্রধান লক্ষ্য। না হলে এই টেস্টে ম্যাচ বাঁচানোও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।



