Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: লাদাখ থেকে অরুণাচল প্রদেশ—প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিনের সঙ্গে ভারতের সংঘাত ও উত্তেজনা বারবার সামনে এসেছে (Indian Army)। অন্যদিকে পশ্চিম সীমান্তে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনও অব্যাহত। অপারেশন সিঁদুরের পর পরিস্থিতি আরও স্পষ্ট করেছে, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা কতটা জরুরি। এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর যুবশক্তি ও দক্ষতা বৃদ্ধিতে বড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) এনএস রাজা সুব্রমণি।
চার বছরের বদলে এবার ছয় বছর পরিষেবার সুযোগ (Indian Army)
বুধবার সাংবাদিক সম্মেলনে সিডিএস জানান, অগ্নিবীরদের পরিষেবার মেয়াদ আরও দু’বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, আগে যেখানে চার বছর সেনায় কাজ করার সুযোগ ছিল, এবার থেকে তা বেড়ে হচ্ছে ছয় বছর। কেন্দ্রীয় মন্ত্রিসভাও এই প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে বলে জানিয়েছেন তিনি।
সিডিএসের বক্তব্য অনুযায়ী, বর্তমানে ২৫ শতাংশ অগ্নিবীরকে নিয়মিত সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। বাকি ৭৫ শতাংশের জন্য অতিরিক্ত দু’বছর পরিষেবার সুযোগ তৈরি করা হচ্ছে। ছ’বছরের মেয়াদ শেষে তাঁরা চাইলে ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের জন্য বিবেচিত হতে পারবেন।
বাড়ছে বেতন, কী কী সুবিধা পাবেন অগ্নিবীররা? (Indian Army)
মেয়াদ বৃদ্ধির পাশাপাশি বাড়ছে অগ্নিবীরদের বেতনও। সিডিএস জানিয়েছেন, অতিরিক্ত পরিষেবার প্রথম বছরে অগ্নিবীররা মাসিক ৪৩ হাজার ৫০০ টাকা এবং দ্বিতীয় বছরে ৪৭ হাজার টাকা বেতন পাবেন। ফলে আর্থিক দিক থেকেও তাঁদের জন্য নতুন সুযোগ তৈরি হতে চলেছে।

আধুনিক যুদ্ধের প্রস্তুতিতে কেন এই সিদ্ধান্ত? (Indian Army)
সেনার তিন বাহিনীর পর্যালোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিডিএস। তাঁর মতে, আধুনিক যুদ্ধের ধরন দ্রুত বদলাচ্ছে। শুধু অস্ত্র পরিচালনার দক্ষতা নয়, প্রযুক্তিগত সক্ষমতাও এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশিক্ষিত ও অভিজ্ঞ যুবশক্তিকে আরও বেশি সময় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত রাখার প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন: Kolkata Development: লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের আদলে সাজবে কলেজ স্ট্রিট, বদলাবে বইপাড়া
অগ্নিবীর প্রকল্পে কি বড়সড় পরিবর্তনের ইঙ্গিত?
এই সিদ্ধান্ত ঘিরে স্বাভাবিকভাবেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। চার বছরের পরিবর্তে ছয় বছরের পরিষেবা, বেতন বৃদ্ধি এবং নিয়মিত সেনাবাহিনীতে যোগদানের সুযোগ—সব মিলিয়ে অগ্নিবীর প্রকল্পে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। তবে এতে মূল অগ্নিপথ প্রকল্প সম্পূর্ণ বাতিল হচ্ছে, এমন ঘোষণা এখনও করা হয়নি। বরং প্রকল্পের কাঠামো বদলে আরও দীর্ঘমেয়াদি ও কার্যকর করার চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে এই পদক্ষেপকে। এবার নজর, বাস্তবে এই সিদ্ধান্ত কতটা শক্তিশালী করে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে।



