Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহ ঘোরার আগেই উত্তেজনার পারদ তুঙ্গে ‘বিগ বস বাংলা’-র মঞ্চে। প্রথম দিন থেকেই এতখানি আক্রমণাত্মক হবে, তা হয়ত আন্দাজও করতে পারেননি দর্শকরা। এবার সেই উত্তেজনার আগুনে ঘি ঢালল মারাত্মক অভিযোগ। ‘বিগ বস বাংলা’-র মঞ্চে সায়কের (Sayak Chakraborty) বিরুদ্ধে উঠল জয়িতাকে শারীরিক হেনস্থার অভিযোগ।
জয়িতাকে শারীরিক নিগ্রহ সায়কের? (Sayak Chakraborty)
সহ-প্রতিযোগী জয়িতা চট্টোপাধ্যায়ের ওপর সরাসরি শারীরিক নিগ্রহ অর্থাৎ গায়ে হাত তোলার অভিযোগ উঠল জনপ্রিয় অভিনেতা সায়ক চক্রবর্তীর (Sayak Chakraborty) বিরুদ্ধে। ঘটনার কেন্দ্রবিন্দু বিগ বসের বিশেষ ‘ডাগআউট রুম’। সেখানে বন্দি থাকা ছয় প্রতিযোগীর জন্য তিনটি বিশেষ টাস্ক নির্ধারণ করেছিল ‘বিগ বস’ (Bigg Boss Bangla)। আর সেই কাজ সম্পূর্ণ করতে গিয়েই পরিস্থিতি নিমেষের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আসা ভিডিয়োতে দেখা গিয়েছে, ডাগআউটের নারী প্রতিযোগীদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন সায়ক। ঝামেলার সময় সেখানে উপস্থিত ছিলেন তনুশ্রী, মনামী ও নন্দিনী। কথার লড়াই চলতে চলতেই আচমকা ক্ষোভে ফেটে পড়েন জয়িতা।
সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বিগ বসের কাছে সুবিচারের দাবি জানান জয়িতা। তাঁর অভিযোগ, সায়ক টাস্ক চলাকালীন তাঁকে শারীরিক আঘাত করেছেন। অভিযোগ শুনেই গর্জে ওঠেন অভিনেতা। সায়ক (Sayak Chakraborty) সোজাসুজি প্রশ্ন ছুড়ে দেন, জয়িতা আদৌ ‘ফিজিক্যাল অ্যাবিউজ’ শব্দটির ভয়াবহতা এবং অর্থ বোঝেন কি না! কখন এবং কীভাবে তিনি গায়ে হাত তুললেন? সায়কের পাল্টা প্রশ্নের মুখে জয়িতাকে আর কোনও স্পষ্ট জবাব দিতে দেখা যায়নি।
দৃশ্যত, কোনও বস্তু নিজেদের দখলে রাখা নিয়ে টানাটানির সময়ই চরম বিপত্তি। তর্কাতর্কির মাঝেই কাজ করতে গিয়ে সায়কের নিজের হাত কেটে রক্তারক্তি কাণ্ড। এই আবহে জয়িতার তোলা ‘শারীরিক নিগ্রহের’ অভিযোগে বিগ বসের ঘরে এখন থমথমে আবহ।
আরও পড়ুন: Kolkata Weather: দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, ভ্যাপসা গরমে অস্বস্তি!
গত ৩০ অগাস্ট থেকে মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঞ্চালনায় স্টার জলসায় শুরু হয়েছে বিগ বসের নতুন মরশুম। যেখানে অংশ নিয়েছেন ভরত কল, মনামী ঘোষ, দুর্নিবার সাহা, ঝিলম গুপ্তদের মতো একাধিক পরিচিত মুখ। বর্তমানে ডাগআউটের বাসিন্দা দীপেন্দু, দুর্নিবার, ঝিলম, তনুশ্রী, সোহিনী ও জয়িতা (Jayita Chatterjee)। শারীরিক নিগ্রহের মতো চরম নিয়মভঙ্গের অভিযোগের পর বিগ বস সায়ক ও জয়িতার বিরুদ্ধে কী আইনি বা প্রশাসনিক পদক্ষেপ নেন, এখন সেটাই দেখার।


