Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ কলকাতার জোকা এলাকায় ১১৭ নম্বর জাতীয় সড়কের ধারে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (Joka)। বৃহস্পতিবার সকালে ঘটনাটি সামনে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার ধারে এক ব্যক্তি প্রাকৃতিক প্রয়োজনে গেলে পাশের ড্রেনে একটি দেহ পড়ে থাকতে দেখেন।

পরিচয় অজানা (Joka)
পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃত যুবকের বয়স আনুমানিক ৩১ থেকে ৩৫ বছরের মধ্যে। উদ্ধার হওয়ার সময় তাঁর পরনে ছিল একটি গেঞ্জি ও হাফপ্যান্ট। দেহে কোনো পরিচয়পত্র বা এমন কোনো নথি মেলেনি, যার ভিত্তিতে তাঁর নাম বা ঠিকানা জানা সম্ভব হয়।
ময়নাতদন্তে মৃত্যুর কারণ জানার চেষ্টা (Joka)
দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। এটি দুর্ঘটনা, নাকি অন্য কোনো ঘটনার ফল তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। ঘটনাস্থল থেকেও বিভিন্ন নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে।

রহস্য ঘিরে বাড়ছে জল্পনা
দিনদুপুরে ব্যস্ত জাতীয় সড়কের ধারে এভাবে এক যুবকের দেহ উদ্ধার হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও কৌতূহল তৈরি হয়েছে। পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে।



