Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কালীপুজোয় বায়ুদূষণ (Kalipuja Pollution) নিয়ন্ত্রণে একাধিক বিধিনিষেধ জারি করেছিল রাজ্য সরকার। শব্দবাজি ফাটানোর উপরেও ছিল নিষেধাজ্ঞা। কিন্তু প্রশাসনের সেই নির্দেশ কার্যত উপেক্ষা করেই কালীপুজোর রাতে চলল দেদার বাজি ফাটানো। তার জেরেই কলকাতা, হাওড়া-সহ একাধিক এলাকার বাতাসে বাড়ল দূষণের মাত্রা। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, দূষণের নিরিখে দিল্লির সঙ্গে পাল্লা দিচ্ছে বাংলার কয়েকটি শহর।
বিপজ্জনক স্তরে দূষণকারী কণার সর্বোচ্চ মাত্রা (Kalipuja Pollution)
কালীপুজোর দু’দিন (Kalipuja Pollution) আগে থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার বাতাসের গুণমান খারাপ হতে শুরু করে। শুক্রবার রাত থেকেই হাওড়া, যাদবপুর এবং সল্টলেকে বাড়তে থাকে PM 2.5-এর পরিমাণ। শনিবার রাতের পর রবিবার কালীপুজোর দিন পরিস্থিতি আরও খারাপ হয়। বিভিন্ন এলাকায় এই দূষণকারী কণার সর্বোচ্চ মাত্রা বিপজ্জনক স্তরে পৌঁছে যায়।
কী বলছে পরিসংখ্যান? (Kalipuja Pollution)
রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, হাওড়ার ঘুসুড়িতে PM 2.5-এর সর্বোচ্চ মাত্রা ছিল ৫০০। রবীন্দ্রভারতীতে তা ৪৭৪, যাদবপুরে ৪৫৬ এবং বেলুড়ে ৪৫৩। সল্টলেকে সর্বোচ্চ মাত্রা ৪৪৪ এবং বালিগঞ্জে ৪০৯-এ পৌঁছয়।
শনিবার রাতেও পরিস্থিতি স্বস্তিদায়ক ছিল না। ঘুসুড়িতে PM 2.5-এর সর্বোচ্চ মাত্রা ছিল ৩৫০, সল্টলেকে ৩৩৬, যাদবপুরে ৩২৬, বালিগঞ্জে ৩২১ এবং বেলুড়ে ৩১৩।
আরও পড়ুন: Mamata Banerjee: ক্ষমতা হারিয়েও কালীঘাটে ভিড়, মমতার বাড়ির পুজোয় কর্মীদের বাড়তি গুরুত্ব
অন্যদিকে, শুক্রবার রাতে ঘুসুড়িতে এই মাত্রা ছিল ৩৯৭। যাদবপুরে ৩১৫ এবং সল্টলেকে ৩০৬। অর্থাৎ, উৎসবের মরশুমে একাধিক এলাকায় বায়ুদূষণের উদ্বেগজনক ছবি সামনে এসেছে। বাজির ধোঁয়া ও দূষণের প্রভাব নিয়ে নতুন করে চিন্তায় পরিবেশপ্রেমীরা।


