Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার নাম পরিবর্তনের ভাবনাচিন্তা শুরু করেছে কলকাতা পুরসভা (Kolkata Municipality)। শহরের ঐতিহাসিক গুরুত্ব, নামকরণের পিছনের প্রেক্ষাপট এবং বর্তমান সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতা বিবেচনা করেই নেওয়া হতে পারে এই সিদ্ধান্ত। রাস্তার নামকরণ ও পুনর্নামকরণের জন্য গঠিত বিশেষ কমিটির বৈঠকে ইতিমধ্যেই একাধিক রাস্তার নাম পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় এবং কার্তিক মহারাজ-সহ কমিটির সদস্যরা।

লেনিন সরণি, হো চি মিন সরণির নাম বদলের ভাবনা! (Kolkata Municipality)
বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে লেনিন সরণি এবং হো চি মিন সরণির নাম পরিবর্তনের প্রস্তাব। এই দুই রাস্তার নতুন নাম কী হবে, তা অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। পাশাপাশি বিশ্ব বাংলা সরণির নাম পরিবর্তন করে চৈতন্য মহাপ্রভুর নামে করার প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে। স্ট্যান্ড রোডের নাম পরিবর্তন করে মহারাজা শশাঙ্ক সরণি করার ভাবনাও উঠে এসেছে বৈঠকে। তবে প্রতিটি প্রস্তাব নিয়েই আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন কমিটির সদস্যরা।
নাম বদলের আগে ইতিহাস খতিয়ে দেখার সিদ্ধান্ত (Kolkata Municipality)
শুধু নাম পরিবর্তন করলেই হবে না, সংশ্লিষ্ট রাস্তার পুরনো নামের ইতিহাসও খতিয়ে দেখা হবে। কেন কোনও রাস্তার নাম নির্দিষ্ট ব্যক্তিত্ব বা ঘটনার সঙ্গে যুক্ত হয়েছিল, তার ঐতিহাসিক প্রেক্ষাপট কী এবং নাম পরিবর্তন করলে কোনও ধরনের সামাজিক প্রতিক্রিয়া তৈরি হতে পারে কি না, সেই সমস্ত বিষয় বিবেচনা করা হবে। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা থেকেও একাধিক রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব এসেছে। সেগুলি নিয়েও গবেষণার দায়িত্ব কলকাতা পুরসভাকে দেওয়া হয়েছে।
মোট ১২টি রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব (Kolkata Municipality)
কমিটির আলোচনায় মোট ১২টি রাস্তার নাম পরিবর্তনের বিষয়টি উঠে এসেছে। তবে কোন কোন রাস্তার নাম চূড়ান্তভাবে পরিবর্তিত হবে, তা এখনও স্থির হয়নি। এ বিষয়ে তথাগত রায় জানিয়েছেন, প্রস্তাবগুলি নিয়ে বিস্তারিত গবেষণার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ৯ তারিখে ফের বৈঠকে বসবে কমিটি। সেই বৈঠকে গবেষণার অগ্রগতি নিয়ে আলোচনা হওয়ার কথা।
মেট্রো স্টেশনের নাম বদল নিয়েও আলোচনা (Kolkata Municipality)
শুধু রাস্তা নয়, কলকাতার কয়েকটি মেট্রো স্টেশনের নাম পরিবর্তনের বিষয়েও উদ্যোগ শুরু হয়েছে। এ নিয়ে ইতিমধ্যেই মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তথাগত রায়। অন্যদিকে, হাজরা রোডের নামকরণ কোন হাজরার নামে হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কার্তিক মহারাজ।

আরও পড়ুন: Sheikh Hasina: বিজয় দিবসেই দেশে ফেরার ঘোষণা মুজিবকন্যার, সীমান্তে হাই অ্যালার্ট
কার্তিক মহারাজ জানিয়েছেন, তাঁদের কাছে আসা বিভিন্ন প্রস্তাব নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। সমস্ত বিষয় খতিয়ে দেখার পর কমিটির সুপারিশ রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। অর্থাৎ, কলকাতার রাস্তা ও মেট্রো স্টেশনের নামের তালিকায় আগামী দিনে বড়সড় পরিবর্তন আসতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে ইতিহাস, ঐতিহ্য এবং জনমতের বিষয়গুলিই কতটা গুরুত্ব পায়, এখন সেটাই দেখার।



