Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কৃষকদের আর্থিক সুরক্ষা ও কৃষিকাজে উৎসাহ দিতে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার হুগলির পুরশুড়ায় ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের সূচনা করেন তিনি। প্রকল্প চালুর দিনেই দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যায় আর্থিক সাহায্যের কিস্তির টাকা। পাশাপাশি আগামী দিনে কৃষকবন্ধু প্রকল্পের সুবিধাও কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, রাজ্যের আলুচাষিদের দীর্ঘদিনের সমস্যার কথা মাথায় রেখে ভিনরাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রেও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি।
ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা (Suvendu Adhikari)
এদিন পুরশুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, বন্যায় যেসব কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তাঁদের ১ লক্ষ ৮০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। যাঁদের আংশিক ক্ষতি হয়েছে, তাঁরা পাবেন ৯০ হাজার টাকা। অন্যদিকে, সামান্য ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দ করা হয়েছে ৪০ হাজার টাকা। বন্যায় বিপর্যস্ত ভুতনির চরের ১০ হাজার ৭৫০ জন কৃষককে ইতিমধ্যেই বীজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৪ লক্ষ কৃষককে বিদ্যুতের প্রতি ইউনিটে ২ টাকা করে ভর্তুকি দেওয়ার কথাও জানান তিনি।
৪৬ লক্ষ কৃষককে ক্ষতিপূরণের আশ্বাস (Suvendu Adhikari)
বন্যার জেরে রাজ্যের কৃষিক্ষেত্রে যে বিপুল ক্ষতি হয়েছে, তা স্বীকার করে মুখ্যমন্ত্রী জানান, প্রায় ৪৬ লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হবে। তাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন। পাশাপাশি কৃষকবন্ধু প্রকল্পের সুবিধা নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ৪০ শতকের বেশি জমি থাকলে কৃষকরা বছরে ৬ হাজার টাকা পাবেন। দু’টি কিস্তিতে তাঁদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে সেই টাকা।
আলুচাষিদের জন্য বড় সুখবর (Suvendu Adhikari)
এদিনের সভায় আলুচাষিদের সমস্যার প্রসঙ্গ তুলে পূর্ববর্তী তৃণমূল সরকারকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে রাজ্যের আলু ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বাধা ছিল। ফলে আলু নষ্ট হয়েছে, ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়েছেন কৃষকরা। এরপরই আলুচাষিদের জন্য বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এবার থেকে রাজ্যের কৃষকরা ভিনরাজ্যেও আলু পাঠাতে পারবেন। গাড়ি কিংবা ট্রেনের মাধ্যমে আলু রপ্তানির ক্ষেত্রে কুইন্টাল পিছু ৫০ টাকা করে ভর্তুকি দেওয়া হবে।
আরও পড়ুন: Kolkata Development: লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের আদলে সাজবে কলেজ স্ট্রিট, বদলাবে বইপাড়া
আলু চাষেও প্রধানমন্ত্রী ফসল বিমার সুবিধা
শুধু রপ্তানির সুযোগ নয়, আলুচাষিদের আর্থিক সুরক্ষার জন্য বিমার ক্ষেত্রেও বিশেষ উদ্যোগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, আলুকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় আনা হবে। বিমার জন্য কৃষকদের যে অংশের টাকা জমা দেওয়ার কথা, সেটিও মকুব করা হবে। সেই অংশের খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার।



