Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বিতর্কিত মন্তব্যে ধর্মীয় ভাবাবেগে আঘাতের মামলায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে থানায় গিয়ে হাজিরা দিতে হবে। মহুয়ার ভার্চুয়াল হাজিরার আবেদন খারিজ করে নির্দেশ সুপ্রিম কোর্টের। মামলা প্রত্যাহার মহুয়ার(Mahua SC)। ‘রাজনীতিতে যখন নেমেছেন, ডিমের ভয় পাচ্ছেন কেন? আমাদের স্বাধীনতা সংগ্রামীরা তো বুক পেতে গুলি খেয়েছিলেন। সামান্য ডিম ছোড়ার মতো ঘটনাকে সাংসদের ভয় পাওয়া উচিত নয়’- বলে মন্তব্য বিচারপতির।
মহুয়ার আর্জি খারিজ (Mahua SC)
গত ১ জুলাই নদিয়ায় দলীয় কার্যালয়ে একুশে জুলাই শহীদ সমাবেশের অনুষ্ঠানের প্রস্তুতি সভায় যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন কৃষ্ণনগরের তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। তাঁকে লক্ষ্য করে ডিম, পাথর ছোড়া এবং হেনস্থা করা হয় বলে অভিযোগ করেন তিনি। পাল্টা, মহুয়ার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে। মহুয়া বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, ‘এভাবে ডিম ছোড়ার থেকে বোরখা পরে ডিম ছুড়ুন। তাহলে আপনাদের কেউ দেখতে পাবে না। তাহলে আপনাদের বিরুদ্ধে অভিযোগও উঠবে না।’
এই মন্তব্যে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে মহুয়া মৈত্রর বিরুদ্ধে নদিয়ার হোগলাবেড়িয়া থানায় মামলা দায়ের হয়। কলকাতা হাইকোর্টে আইনি সুরক্ষার আবেদন জানিয়ে আবেদন করেন মহুয়া মৈত্র। সেই মামলায় গত ২১ জুলাই বিচারপতি সৌগত ভট্টাচার্য আগামী ৫ অক্টোবর অথবা আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহুয়ার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ পুলিশ করতে পারবে না বলে নির্দেশ দেন। সেই সঙ্গে হাইকোর্টে নির্দেশে বলে, পুলিশ আইন অনুযায়ী তদন্ত চালিয়ে যেতে পারবে। আগামী ১৪ আগস্ট বিকেল ৩টায় তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দিতে হবে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে। হাজিরার সময় পুলিশকে মহুয়া মৈত্রর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। যাতে তাঁকে ডিম ছোড়া বা কোনও রকম হেনস্থা করা না হয়।
কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন মহুয়া মৈত্র। শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিতে মহুয়া মৈত্রর আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ থানায় গিয়ে সশরীরে হাজিরা দেওয়ার পরিবর্তে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন করেন। তখন বিচারপতি দীপঙ্কর দত্ত প্রশ্ন করেন, ‘কেন উনি সাংসদ বলে ভার্চুয়ালি হাজরা দিতে চান?’ তার জবাবে মহুয়ার আইনজীবী বলেন, তাঁর মক্কেলকে ডিম ও পাথর ছোড়া হয়। তাঁকে নানান ভাবে হেনস্থা করা হয়। সশরীরে থানায় হাজরা দিতে গেলে আবারও তাকে ডিম, পাথর ছোড়া হতে পারে। নানা ভাবে হেনস্থা করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার আশঙ্কা প্রকাশ করেন মহুয়া আইনজীবী(Mahua SC)।
তখনই বিচারপতি দীপঙ্কর দত্ত স্বাধীনতা সংগ্রামীদের উদাহরণ টেনে মহুয়ার আইনজীবীর উদ্দেশ্যে বলেন, ‘রাজনীতিতে যখন নেমেছেন তখন ডিমের ভয় পাচ্ছেন কেন? আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা তো বুক পেতে গুলি খেয়েছিলেন। সামান্য ডিম ছোড়ার মতো ঘটনাতে সাংসদের ভয় পাওয়া উচিত নয়।'(Mahua SC)
বিচারপতির এই মন্তব্যের পরই মহুয়া মৈত্রর আইনজীবী মামলা প্রত্যাহার করে নেওয়ার আবেদন করেন(Mahua SC)। বিচারপতি দীপঙ্কর দত্ত মামলা প্রত্যাহারের অনুমতি দেন। ফলে এই মামলায় গত ২১ জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য যে নির্দেশ দিয়েছিলেন সেটাই বহাল রইল।



