Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: গত ১৫ বছরের সরকারি খতিয়ান তুলে ধরে মঙ্গলে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। সমস্ত দফতরের উন্নয়নের কাজ জনসমক্ষে তুলে ধরা হবে বলে খবর। সূত্রের খবর, আর এই কাজ সেরে এদিনই জেলা সফরে রওনা হবেন মুখ্যমন্ত্রী। মালদহ ও মুর্শিদাবাদে টানা তিন দিনের কর্মসূচিতে বুধ ও বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর দুটি বড় জনসভা রয়েছে। রাজ্যে এসআইআর নিয়ে শাসকদল ও নির্বাচন কমিশনের টানাপড়েনের মাঝেই মুখ্যমন্ত্রীর এই জেলা সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই সফর কার্যত রাজনৈতিক প্রচারের শুরু বলেই মনে করা হচ্ছে। এসআইআর ইস্যুতে তৃণমূল নেত্রীর বার্তা কী হয়—তা নিয়ে আগ্রহ তুঙ্গে।
প্রথম জনসভা মালদহে(Mamata Banerjee)
সূত্রের খবর, মঙ্গলবার বিকেলেই মালদহের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)। বুধবার গাজোল ময়দানে জনসভা রয়েছে তাঁর। পরদিন, বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামে জনসভা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়। দুই জনসভায় এসআইআর, বাংলাভাষীদের আক্রান্ত হওয়া, কেন্দ্রীয় বঞ্চনা ইস্যু তুলে কেন্দ্রের প্রতি আক্রমণাত্মক ভাষণ দেবেন বলে ধারণা ওয়াকিবহাল মহলের। সেই বার্তা শুনতে মুখিয়ে দলের নেতা-কর্মী থেকে আমজনতা, সকলেই।
লোকসভায় অধরা মালদহে নজর মমতার(Mamata Banerjee)
চব্বিশের লোকসভা ভোটে মালদহের দু’টি আসনেই তৃণমূল শূন্য। একটি জয় করে বিজেপি, আরেকটি কংগ্রেস। শুধুই তাই নয়, দীর্ঘদিন ধরেই তৃণমূলের একাধিক শীর্ষ নেতার মধ্যে প্রকাশ্য দ্বন্দ্বে জর্জরিত এই জেলা। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে সেই অন্তর্দ্বন্দ্ব যাতে দলীয় শক্তিকে দুর্বল না করে, তাই নিজে জেলায় গিয়ে সংগঠনকে বার্তা দিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো—এমনই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
আরও পড়ুন: Weather Update: কলকাতার পারদ কি এক লাফে নেমে যাবে?
মুর্শিদাবাদ সফরের তাৎপর্য
মুর্শিদাবাদেও গত কয়েক মাসে নানা অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে ধুলিয়ানের সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনাটি উত্তাল করে তুলেছিল গোটা অঞ্চল। যদিও স্থানীয় দুই তৃণমূল বিধায়কের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু এলাকায় দীর্ঘমেয়াদি শান্তি বজায় রাখতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি অত্যন্ত জরুরি বলে মনে করছে প্রশাসন ও রাজনৈতিক মহল।
আরও পড়ুন: Islampur: ইসলামপুরে শুরু অতিথি পাখিদের আনাগোনা! সুকান্তপল্লীর পুকুর যেন পরিযায়ী পাখিদের স্বর্গরাজ্য
৯ ডিসেম্বর সভা কোচবিহারে
মালদহ ও মুর্শিদাবাদ সফর শেষে মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) কলকাতায় ফিরলেও কয়েক দিনের মধ্যেই আবার উত্তরবঙ্গে। ৯ ডিসেম্বর কোচবিহারে একটি বড় জনসভা করার কথা রয়েছে তাঁর। এসআইআর ইস্যুতে উত্তপ্ত রাজ্যরাজনীতির প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর এই ধারাবাহিক জেলা সফর রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক দুই ক্ষেত্রেই বড় ইঙ্গিত বহন করছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


