Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আশঙ্কাই সত্যি হল। বৃহস্পতিবার সকালেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে পৌঁছে গেল বুলডোজার (Abhishek Banerjee)। ফুটপাথ দখল করে তৈরি হওয়া অস্থায়ী কাঠামো ভেঙে ফেলা হল। সরিয়ে দেওয়া হল বাড়ির সামনে তৈরি করা লোহার গেটও। এমনকী, সেখানে থাকা পুলিশ কিয়স্কটিও সরানোর উদ্যোগ নেওয়া হয়। পুরসভা ও পুলিশের আধিকারিকদের উপস্থিতিতে চলে এই অভিযান। ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই কালীঘাট এলাকায় ছিল কড়া নিরাপত্তা।

ফুটপাথ দখলের অভিযোগ ঘিরে বিতর্ক (Abhishek Banerjee)
বেশ কিছুদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ফুটপাথ দখল করে অস্থায়ী কাঠামো তৈরি করা নিয়ে অভিযোগ উঠছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ফুটপাথের উপর বাঁশের কাঠামো, ছাউনি এবং লোহার গেট তৈরি হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছিল। পথচারীদের চলাচলের জায়গা কার্যত সংকুচিত হয়ে পড়েছিল। এই অভিযোগকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক ও প্রশাসনিক চাপানউতোর।
বুধবার সন্ধ্যাতেই পৌঁছয় পুলিশ (Abhishek Banerjee)
বুধবার সন্ধ্যায় সাংসদের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। পরিস্থিতি আঁচ করে বাড়ির সামনে থাকা অস্থায়ী ছাউনি খুলে ফেলার কাজ শুরু করেন অভিষেকের অনুগামীরা। তবে সেই কাজ সম্পূর্ণ হওয়ার আগেই বৃহস্পতিবার সকালে বুলডোজার নিয়ে হাজির হন পুরসভা ও পুলিশের আধিকারিকরা। শুরু হয় উচ্ছেদ অভিযান।
বুলডোজার দিয়ে ভাঙা হল কাঠামো (Abhishek Banerjee)
বৃহস্পতিবার সকালে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয় বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী কাঠামো। অন্যদিকে, ফুটপাথ আটকে তৈরি হওয়া লোহার গেট গ্যাস কাটারের সাহায্যে কেটে সরিয়ে দেওয়া হয়। গোটা অভিযানে উপস্থিত ছিলেন পুরসভার উচ্চপদস্থ আধিকারিক এবং পুলিশকর্মীরা। ফুটপাথের উপর থাকা দখলদারি সরিয়ে সাধারণ মানুষের চলাচলের জায়গা ফিরিয়ে দেওয়াই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।
জন্মদিনের অনুষ্ঠান ঘিরে উত্তেজনা থেকেই সূত্রপাত?
ঘটনার সূত্রপাত গত শুক্রবার রাতে। মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে তাঁর কালীঘাটের বাড়ির সামনে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন খোদ সাংসদও। শনিবার সকালেও সেই উত্তেজনার রেশ দেখা যায়। ওই সময়ই স্থানীয় বাসিন্দারা ফুটপাথ আটকে তৈরি হওয়া ছাউনি ও গেট নিয়ে সরব হন। তাঁদের অভিযোগ, এর ফলে দৈনন্দিন যাতায়াতে অসুবিধা হচ্ছিল।

আরও পড়ুন: Swapnil Chakrabarty: কবিতার আড়ালে প্রতারণার জাল! স্বপ্ননীল চক্রবর্তীকে নিয়ে সমাজমাধ্যমে তোলপাড়
অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা
বৃহস্পতিবারের অভিযানকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সকাল থেকেই কালীঘাট রোড সংলগ্ন এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। প্রশাসনের নজরদারিতে চলে উচ্ছেদ প্রক্রিয়া।



