Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আর্থিক সংকটে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল দলটার (MSC President)। সেই সময় ত্রাতা হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। মহামেডানের বর্তমান পরিচালন কমিটির দাবী সেই প্রতিশ্রুতি তিনি ভঙ্গ করেছেন। তাই মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে। বর্তমান পরিচালন কমিটিতে মোট ৮ জন সদস্য রয়েছে। বৃহস্পতিবার সেই কমিটির জরুরি বৈঠকে সকলেই সহমত হয়ে হুমায়ুন কবীরকে সরানোর সিদ্ধান্ত নেন। শুধু তাই নয়, নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে গজল উজ জাফরকে।

হুমায়ুনের প্রতিশ্রুতি (MSC President)
মহামেডান ক্লাবের দায়িত্ব নেওয়ার পর হুমায়ুন কবীর ক্লাবকে আর্থিক সংকট থেকে মুক্ত করতে এবং প্রায় ১৩ কোটি টাকার দেনা মেটাতে বড় অঙ্কের অর্থ সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি মতো মোট দেড় কোটি টাকার চেক দিলেও, তার একটিরও অর্থ কোষাগারে পৌঁছয়নি। উল্টে তাঁর সই করা চেক টানা তিনবার বাউন্স করে। যার জেরে প্রাক্তন সহ-সভাপতিকে সমর্থকরা ঘেরাও করলে, তিনি হুমায়ুন কবীরকে ফোন করতে বাধ্য হন। সেই সময় তিনি জানান, ১০ আগস্টের মধ্যে তিনি তার প্রতিশ্রুতি মিটিয়ে দেবেন। এই বিষয়ে ক্লাবের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়।

কিন্তু ক্লাব কর্তাদের দাবী হুমায়ুন কবীরের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি। এই পরিস্থিতিতে গত সোমবার ক্লাবের পক্ষ থেকে বিধায়ককে আইনি নোটিসও পাঠানো হয়েছিল। পাশাপাশি তাঁর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে অসন্তোষ প্রকাশ করেন মহামেডান কর্তারা।
কমিটির সিদ্ধান্ত (MSC President)
পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার মহামেডান ক্লাবের কার্যকরী কমিটি এক জরুরি বৈঠক ডাকে। সেই বৈঠকে সভাপতি হুমায়ুন কবীরকে আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত হননি। এর পরেই ক্লাবের সংবিধান মেনে তাঁকে সভাপতির পদ থেকে অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: Neymar: রূপকথার যুবরাজ থেকে বিতর্কের বৃত্তে, নেইমারের অন্তহীন লড়াই
মহামেডান সভাপতির বক্তব্য (MSC President)
এদিকে ক্লাবের এই অচলাবস্থা ও প্রতিশ্রুতির বরখেলাপের জেরে মহামেডান মাঠে ‘টাকা কবে পাব’ লেখা পোস্টারও নজরে আসে। ক্লাবের সহ-সভাপতি ওয়াসিম আক্রম এই ঘটনাকে মহামেডানের (MSC President) ইতিহাসে একটি ‘কালো অধ্যায়’ বলে অভিহিত করেছেন। নতুন সভাপতি গজল জাফরের কাঁধে এখন এই বিশাল আর্থিক সংকট কাটিয়ে ওঠার কঠিন দায়িত্ব। এই বিষয়ে তিনি বলেছেন, “আমরা এখন বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবছি। অতীত নিয়ে আমি কোনও কথা বলতে রাজি নয়। আমি হুমায়ুন কবীরকে আনিনি। তাই আমি তাকে নিয়ে কিছু বলতে চাই না। আমার এখন একটাই লক্ষ্য এই ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়া”।



