Last Updated on [modified_date_only] by Ananya Dey
কেটিভি বাংলা ডিজিটাল : রাজ্যে বেজে গেল পুরভোটের (Municipal Corporation election) দামামা। শুরু হয়ে গেল পুরভোটের প্রস্তুতি। ছয় জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। সেপ্টেম্বরেই চূড়ান্ত সীমানা পুনর্বিন্যাসের স্পষ্ট নির্দেশ। এছাড়াও পুরভোটের একাধিক বিষয় নিয়ে বিস্তারিতভাবে পর্যালোচনা হয় এদিন।
পুরভোটের প্রস্তুতি বৈঠক (Municipal Corporation election)
আসন্ন পুর সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে তৎপরতা শুরু করল পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি দক্ষিণ ২৪ পরগনা হাওড়া এবং পূর্ব মেদিনীপুর এই ছয় জেলার জেলাশাসক ও জেলা পুর নির্বাচনী আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করলেন রাজ্য নির্বাচন কমিশনার।
বৈঠকের আলোচনা
এদিনের বৈঠকে ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাস, আসন সংরক্ষণ, ইভিএম ব্যবস্থাপনা, ভোটার তালিকা সংশোধন, ভোটকেন্দ্র নির্ধারণ, ভোটকর্মী নিয়োগ এবং যাবতীয় লজিস্টিক প্রস্তুতির অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।
নির্বাচন কমিশনের নির্দেশ
এদিনের বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে-
১) সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ওয়ার্ডের চূড়ান্ত সীমানা পুনর্বিন্যাসের প্রস্তাব সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
২) আসন সংরক্ষণের খসড়া নির্দেশিকা সেপ্টেম্বরের মাঝামাঝি প্রকাশ করার প্রস্তাব রাখা হয়েছে।
৩) অক্টোবরের শেষ সপ্তাহের মধ্যে আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
৪) নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভোটকর্মী মূল্যায়ন, ভোটার তালিকা পরিমার্জন এবং প্রতিটি ভোটকেন্দ্রে অ্যাসিয়োর্ড মিনিমাম ফেসিলিটিজ নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন : Darjeeling Loco Shed Collapse: টানা বৃষ্টিতে দার্জিলিংয়ে ভাঙল ঐতিহাসিক লোকোশেড, আহত ৮ রেলকর্মী
এছাড়াও, পুরভোটে বরাদ্দকৃত ইভিএম গ্রহণ, নিরাপদ স্থানে সংরক্ষন, ফার্স্ট লেভেল চেকিং এবং মোতায়েন সংক্রান্ত সমস্ত ব্যবস্থার পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হয় এদিনের বৈঠকে। সব মিলিয়ে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পুরভোট সম্পন্ন করতে সমস্ত নিয়ম ও পদ্ধতি কঠোরভাবে মেনে চলার ওপর বিশেষ জোর দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।


