Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি চা শিল্প। সেই শিল্প আজ নানা সমস্যায় জর্জরিত। বন্ধ ও রুগ্ন চা বাগান, শ্রমিকদের আর্থ-সামাজিক সমস্যা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং শিল্পের সামগ্রিক মন্দা কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের বিজেপি সরকার। উত্তরবঙ্গের চা শিল্পের হাল ফেরাতে উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠক, উত্তরবঙ্গের বিধায়ক ও সাংসদের নিয়ে আজ উত্তরকন্যায় বৈঠক ক রতে চলেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক (North Bengal)।

উত্তরকন্যায় গুরুত্বপূর্ণ বৈঠক (North Bengal)
এই লক্ষ্যেই মঙ্গলবার উত্তরকন্যায় এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক। বৈঠকে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গের চা বলয়ের একাধিক সাংসদ ও বিধায়ক। উপস্থিত থাকছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায়, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা সহ একাধিক জনপ্রতিনিধি। এছাড়াও বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়করা বৈঠকে অংশ নেবেন। টি বোর্ডের ডেপুটি চেয়ারম্যান সি. মুরুগানও এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
চা শিল্পের বর্তমান পরিস্থিতি (North Bengal)
সূত্রের খবর, বৈঠকে উত্তরবঙ্গের চা শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশদ পর্যালোচনা করা হবে। বিশেষ করে দীর্ঘদিন ধরে বন্ধ ও রুগ্ন চা বাগানগুলির সমস্যা, শ্রমিকদের কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নতুন বিনিয়োগ আকর্ষণের বিষয়েও মতবিনিময় হবে।

‘অসম মডেল’ (North Bengal)
বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল ‘অসম মডেল’। সাম্প্রতিক সময়ে চা শিল্পের উন্নয়নে অসম সরকারের বিভিন্ন পদক্ষেপ দেশজুড়ে প্রশংসিত হয়েছে। সেই মডেল খতিয়ে দেখতে উত্তরবঙ্গের সাংসদ ও বিধায়কদের একটি প্রতিনিধিদল শীঘ্রই অসম সফরে যাবে। সেখানে চা বাগান পরিচালনা, শ্রমিক কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নের বিভিন্ন প্রকল্প সরেজমিনে পর্যবেক্ষণ করা হবে।
এক হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা (North Bengal)
উল্লেখযোগ্যভাবে, কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অসম ও উত্তরবঙ্গের চা বাগান এলাকার মহিলা ও শিশুদের উন্নয়নের জন্য মোট এক হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছিলেন। এর মধ্যে অসমের জন্য ৬৮৪ কোটি টাকা এবং উত্তরবঙ্গের জন্য ৩১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
পরিকাঠামোগত উন্নয়ন (North Bengal)
অসম সরকার ইতিমধ্যেই তাদের বরাদ্দ অর্থ স্বাস্থ্য, শিক্ষা, আবাসন ও সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় করে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। কিন্তু উত্তরবঙ্গের জন্য বরাদ্দ অর্থ এখনও পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। এবার সেই অর্থকে যথাযথভাবে ব্যবহার করে চা বাগান এলাকার পরিকাঠামোগত উন্নয়ন, শিক্ষার প্রসার, শ্রমিক কল্যাণ এবং নারী ও শিশুদের উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করতে চাইছে সরকার।

আরও পড়ুন: RG Kar Hospital: আরজি কর কাণ্ডে বড় মোড়, আখতার আলি ও শশীকান্ত চন্দকের বিরুদ্ধে চার্জ
বিশেষজ্ঞদের মতে
উত্তরবঙ্গের চা শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় ১০ লক্ষ মানুষ। ফলে এই শিল্পের পুনরুজ্জীবন শুধু শ্রমিকদের জীবনমান উন্নত করবে না, উত্তরবঙ্গের সামগ্রিক অর্থনীতিকেও নতুন গতি দিতে পারে। এখন দেখার, উত্তরকন্যার এই বৈঠক সরকার কী ধরনের চূড়ান্ত রূপরেখা তৈরি করে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরবঙ্গের চা শিল্পকে কতটা নতুন দিশা দেখাতে পারে।



