Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: সংযুক্ত আরব আমিরাতে ৩ অক্টোবর থেকে শুরু হয়েছে বিশ্ব লেজেন্ড ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস তৃতীয় সংস্করণ (WCL 2026)। যুবরাজ সিং ও হরভজন সিংদের মতো ভারতীয় তারকাদের নিয়ে টুর্নামেন্ট জমজমাট হলেও এবার দেখা যাবে না কোনও পাক দলকে। ভারতীয় দলের থেকে লিখিত ক্ষমা চাওয়ার দাবি কেউ পাত্তা না দেওয়ায়, শেষমেশ এই মেগা টুর্নামেন্ট থেকেই নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহিদ আফ্রিদিদের বোর্ড।
বিবাদের সূত্রপাত (WCL 2026)
গত বছরের টুর্নামেন্টে পহেলগাঁও হামলার প্রতিবাদে গ্রুপ পর্ব ও সেমিফাইনাল—দুই জায়গাতেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে একজোট হয়ে অস্বীকার করেছিলেন যুবরাজ সিংরা। ভারতীয় ক্রিকেটারদের এই কড়া অবস্থানের কারণে আয়োজকরা বাধ্য হয়ে সেই ম্যাচ বাতিল করতে হয়েছিল। এই ঘটনায় চরম অপমানিত বোধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পিসিবি-র অদ্ভুত শর্ত (WCL 2026)
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এবার টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য পিসিবি একটি অবাস্তব দাবি জানায়। তারা শর্ত দেয়, গতবছর ম্যাচ না খেলার কারণ দর্শিয়ে ভারতীয় দলকে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে এবং হাত মেলানোর প্রতিশ্রুতির মুচলেকা দিতে হবে। কিন্তু এই আজব দাবিকে ভারতীয় শিবির বা টুর্নামেন্ট কর্তৃপক্ষ—কেউই বিন্দুমাত্র প্রাধান্য দেয়নি। কৈফিয়ৎ বা ক্ষমার দাবি প্রত্যাখ্যাত হতেই পাকিস্তান বোর্ড তাদের খেলোয়াড়দের এই লিগে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে এবং এনওসি দিতে অস্বীকার করে।
বাতিল বহুল প্রতীক্ষিত ম্যাচ (WCL 2026)
প্রাথমিক সময়সূচি অনুযায়ী ১০ অক্টোবর হাই-ভোল্টেজ ভারত-পাকিস্তান লেজেন্ডস ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল (WCL 2026)। কিন্তু পিসিবির এই জেদের কারণে পাক দলের অংশগ্রহণ বন্ধ হয়ে যাওয়ায় ম্যাচটি বাতিল হয়ে যায়। বোর্ডের এই সিদ্ধান্তের পর পাকিস্তান লেজেন্ডস দলের পক্ষ থেকে হতাশা প্রকাশ করে একটি সরকারি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, “আমরা পিসিবির সিদ্ধান্তকে সম্মান জানাই। আমরা অত্যন্ত হতাশ, কারণ বিশ্বের ক্রিকেট কিংবদন্তিদের এই আন্তর্জাতিক টুর্নামেন্টে আমরা থাকতে পারছি না। এত দিন ধরে ভক্তদের থেকে পাওয়া সব সমর্থনের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।”
আরও পড়ুন: Diego Forlán: আটকেছেন রবীন্দ্র সরোবরে, ফিরে এলেন যুবভারতীতে, ভারতের ফুটবল আবেগে মুগ্ধ দিয়েগো ফোরলান
পাক দল ছিটকে গেলেও যুবরাজদের উপস্থিতিতে টুর্নামেন্ট স্বাভাবিকভাবেই এগিয়ে চলেছে। তবে নিজেদের অহেতুক একগুঁয়েমির মাশুল গুনে ক্রিকেটবিশ্বের এই জমকালো মঞ্চ থেকে এবার সম্পূর্ণ বাদ পড়তে হলো শাহিদ আফ্রিদিদের।



