Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলার ফুটবলের এই চরম উদাসীনতা আর অবিচার আর কত সহ্য করবে প্রতিশ্রুতিমান তরুণরা? শুক্রবার মোহনবাগানের ঘরের মাঠে তাদেরই ২-১ গোলে ধূলিসাৎ করে দিল ভবানীপুর (Bhawanipur CFL)। কিন্তু এত বড় জয়ের পরও সবুজ-মেরুন বধের নায়ক রবি হাঁসদা এবং সাহিল হরিজনের গলা দিয়ে যেন আগুন ঝরল! বড় মঞ্চে সুযোগ না পাওয়া, রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখে মেধা নষ্ট করার চক্রান্তের বিরুদ্ধে এবার সরাসরি ক্ষোভ উগড়ে দিলেন এই প্রতিভাবান ফুটবলাররা। এদিন মোহনবাগানের বিরুদ্ধে জোড়া ফলার মতো জয়ে বড় অবদান রাখা রবি ও সাহিলের একটাই আর্তনাদ—”আমাদের উপর ভরসা রাখা হোক!”
রবিদের আবেদন (Bhawanipur CFL)
আইএসএলে মহামেডানের হয়ে গোল করা রবি হাঁসদা ক্ষোভে ফেটে পড়ে বলেন, “সবাই জানে আমার সঙ্গে কী হয়েছে! যেটুকু সুযোগ পেয়েছি, ভালো খেলেছি, গোল করেছি। তারপরও খুব বেশি সময় খেলানো হয়নি। আমাদের কোণঠাসা করে রাখা হচ্ছে কেন?” অন্যদিকে, আই লিগ জয়ী তরুণ ফরোয়ার্ড সাহিল হরিজনও স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন, এভাবে প্রতিভাকে দমিয়ে রাখা যায় না। টানা চার ম্যাচে গোল করা সাহিলের হুংকার, “মুহূর্তের মধ্যে কিছু হয় না। ভালো পারফর্ম করার জন্য সময় দিতে হয়, বিশ্বাস করতে হয়। সেটুকুই তো চাইছি!”
অপরিকল্পিত সূচি নিয়ে কোচের তোপ (Bhawanipur CFL)
শুধু ফুটবলাররাই নন, ভবানীপুর কোচ রঞ্জন চৌধুরীর গলাতেও শোনা গেল চরম অসন্তোষ। মোহনবাগানকে হারিয়ে তিন পয়েন্ট পাওয়ার পর তিনি একচুলও ছাড়লেন না আইএফএ-কে। ক্ষুব্ধ কোচের সাফ কথা, “দু-তিনদিন আগে জানতে পারছি পরের ম্যাচে প্রতিপক্ষ কে! সূচি তৈরির ক্ষেত্রে কোনও সিকোয়েন্স বা নিয়ম মানা হচ্ছে না। এভাবে হুজুগে সূচি বানিয়ে ক্লাবগুলোর সঙ্গে মশকরা করা হচ্ছে, যা আমাদের চরম সমস্যার মুখে ফেলছে!”
আরও পড়ুন: JFC Withdraw: জামশেদপুরের পথেই হাঁটতে চলেছে আরও এক ক্লাব!
সামনে বড় লড়াই (Bhawanipur CFL)
মোহনবাগান বধের রেশ কাটতে না কাটতেই এবার সামনে আরও বড় লড়াই (Bhawanipur CFL)। লিগের পরবর্তী ম্যাচেই ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে চলেছে ভবানীপুর। রবি-সাহিলদের পায়ে যে আগুন জ্বলছে, তাতে লাল-হলুদ শিবিরকে নিয়েও যে তারা বড় কোনও অঘটন ঘটাতে চলেছে, তা বলাই বাহুল্য। তবে বাংলার এই উদীয়মান তারকাদের এভাবে আর কতদিন অন্ধকারে ঠেলে রাখা হবে—এই প্রশ্ন এখন গোটা ফুটবল মহলে বড় হয়ে দেখা দিয়েছে!



