Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মাওবাদী মুক্ত ছত্তিশগড়ের বস্তারে দাঁড়িয়ে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। কয়েক দশকের মাওবাদী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সাফল্যকে ঐতিহাসিক জয় বলে অভিহিত করলেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় সরকারের নীতি, নিরাপত্তা বাহিনীর সাহস এবং দৃঢ় সংকল্পের ফলেই দেশ আজ নকশালমুক্ত হওয়ার পথে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। তবে সশস্ত্র মাওবাদীদের পরাজয়ের পরেও বিপদ পুরোপুরি শেষ হয়নি বলে সতর্ক করেছেন মোদি। তাঁর বক্তব্যে উঠে এসেছে ‘দিমাগি নকশাল’ বা আদর্শগত নকশালবাদের প্রসঙ্গও।

২০২৬ সালের দীপাবলি কেন বিশেষ? (PM Narendra Modi)
রবিবার বস্তারে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালের দীপাবলি দেশের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, কয়েক দশক ধরে নকশালবাদ ও মাওবাদী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের পর এই প্রথম দেশ এক বিশেষ পরিস্থিতিতে দীপাবলি উদযাপন করছে। তাঁর কথায়, দেশের প্রতিটি জেলা নকশালমুক্ত হওয়ার এই সাফল্য সাধারণ মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। দীর্ঘদিন ধরে নকশাল আতঙ্কে জর্জরিত এলাকার মানুষ এবার ভয়মুক্ত পরিবেশে উৎসব পালন করতে পারছেন।
শহিদ জওয়ানদের আত্মত্যাগ স্মরণ প্রধানমন্ত্রীর (PM Narendra Modi)
মাওবাদী দমনের লড়াই যে কতটা কঠিন ছিল, তা তুলে ধরতে গিয়ে অতীতের একাধিক ভয়াবহ ঘটনার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, একসময় বছরে প্রায় ২ হাজার মাওবাদী হামলার ঘটনা ঘটত। ২০১০ সালে দান্তেওয়াড়ায় মাওবাদীদের হামলায় ৭৬ জন সিআরপিএফ জওয়ান শহিদ হন। একই বছরে আরেকটি ঘটনায় প্রাণ হারান ৪৪ জন নিরীহ নাগরিক। মোদির বক্তব্য, ছত্তিশগড়েই মাওবাদী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে এক হাজারের বেশি নিরাপত্তাকর্মী প্রাণ দিয়েছেন। অথচ দীর্ঘদিন এই সমস্যাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তৎকালীন সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
‘দিমাগি নকশাল’ নিয়ে নতুন উদ্বেগ (PM Narendra Modi)
সশস্ত্র মাওবাদীদের বিরুদ্ধে সাফল্যের কথা বললেও প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, লড়াই এখনও পুরোপুরি শেষ হয়নি। তাঁর দাবি, বিভিন্ন সংগঠনের নিয়ন্ত্রণ এখন আদর্শগত নকশালদের হাতে চলে যাচ্ছে। সংবিধান ও গণতন্ত্রের বিরুদ্ধে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে তারা। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের মধ্যেও তাদের অনুপ্রবেশ ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: Dhanteras Gold Price: ধনতেরাসে সোনা আনুন ঘরে, দামে বিরাট পতন!
সন্ত্রাসমুক্ত ভারতের লক্ষ্যে নতুন বার্তা
প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, শুধু অস্ত্রধারী মাওবাদীদের নির্মূল করাই যথেষ্ট নয়, তাদের আদর্শগত প্রভাবের বিরুদ্ধেও লড়াই চালাতে হবে। দেশের নিরাপত্তা, গণতান্ত্রিক কাঠামো এবং সংবিধানের মর্যাদা রক্ষায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বস্তারের দীপাবলি উদযাপন তাই শুধু উৎসবের মুহূর্ত নয়, বরং মাওবাদী সন্ত্রাসের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জের কথাও সামনে নিয়ে এল।



