Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ফাইনালে সোনা হাতছাড়া হলেও ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন ভারতের তরুণী কুস্তিগির তানিয়া (2026 Youth Olympics)। ডাকার ২০২৬ যুব অলিম্পিক গেমসে মহিলাদের ৭৫ কেজি বিচ রেসলিং বিভাগে রুপোর পদক জিতলেন তিনি। এর সঙ্গেই যুব অলিম্পিকের মঞ্চে বিচ রেসলিংয়ে পদকজয়ী প্রথম ভারতীয় কুস্তিগির হওয়ার নজির গড়লেন তানিয়া। শনিবার ফাইনালে চিনের মিন ঝাওয়ের কাছে ১-২ ব্যবধানে হেরে সোনা জয়ের স্বপ্ন অধরা থেকে যায় তাঁর।
হারান তিন প্রতিদ্বন্দ্বীকে (2026 Youth Olympics)
ফাইনালে হারলেও গোটা প্রতিযোগিতায় দুরন্ত ছন্দে ছিলেন ভারতীয় কুস্তিগির। গ্রুপ পর্বে একের পর এক জয় তুলে নেন তানিয়া। প্রথমে জার্মানির মিয়া বাউয়ারকে ৩-১ ব্যবধানে হারান তিনি। এরপর গ্রিসের ভাসিলিকি কারাভানুকে ৩-০ এবং এস্তোনিয়ার মেরিলি ভ্যাস্টারকে ৪-১ ব্যবধানে পরাজিত করেন। তিনটি ম্যাচেই জয় পেয়ে গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছে যান তিনি।
বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে ফাইনালে (2026 Youth Olympics)
সেমিফাইনালে তানিয়ার সামনে ছিলেন আমেরিকার মাতিল্ডা অ্যান। অনূর্ধ্ব-১৭ বিচ রেসলিং বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনাজয়ী এই প্রতিদ্বন্দ্বীকে ৩-১ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন ভারতীয় তরুণী। তবে শেষ লড়াইয়ে চিনের মিন ঝাওয়ের কাছে ১-২ ব্যবধানে হারতে হয় তাঁকে। চারটি জয় ও একটি হার নিয়ে রুপোর পদক জিতেই অভিযান শেষ করেন তানিয়া।
সোনার লড়াইয়ে চিনের মিন ঝাও (2026 Youth Olympics)
উল্লেখযোগ্য বিষয়, ২০২৫ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৬৯ কেজি বিভাগে সোনা জিতেছিলেন মিন ঝাও। এবার যুব অলিম্পিকের বিচ রেসলিংয়েও সোনা জিতে নিজের দক্ষতার প্রমাণ দিলেন চিনের এই কুস্তিগির।

অন্যদিকে, তানিয়াও এর আগে ২০২৬ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৬৯ কেজি ফ্রিস্টাইল বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন। পোল্যান্ডের মাজা ওয়েইচানকে ১২-২ ব্যবধানে হারিয়ে সেই পদক পেয়েছিলেন তিনি।
যুব অলিম্পিকে ভারতের পদকসংখ্যা সাত (2026 Youth Olympics)
তানিয়ার এই সাফল্যের ফলে ডাকার যুব অলিম্পিকে ভারতের মোট পদকসংখ্যা বেড়ে দাঁড়াল সাত (2026 Youth Olympics)। এর মধ্যে রয়েছে তিনটি রুপো ও চারটি ব্রোঞ্জ। জুডোয় মহিলাদের ৬৩ কেজি বিভাগে রুপো জিতেছেন খুশবু দরজাদা। ব্যাডমিন্টনের মহিলাদের সিঙ্গলসে রুপো পেয়েছেন তানভি পাত্রী।
সাঁতারে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছেন ধিনিধি দেশিংহু (১০০ ও ২০০ মিটার ফ্রিস্টাইল) এবং তীর্থঙ্ক পেগু (২০০ মিটার বাটারফ্লাই)। যুব অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় পুরুষ সাঁতারু হওয়ার নজির গড়েছেন তীর্থঙ্ক। এছাড়া উশুর মহিলাদের চাংকুয়ান কম্বাইন্ড বিভাগে ব্রোঞ্জ জিতেছেন রাজকুমারী লানচেনবি চানু।
আরও পড়ুন: Virat Kohli: গ্যালারি থেকে উড়ে এল প্লাস্টিকের ব্যাট! কী করলেন কোহলি? ভাইরাল ভিডিও
ফাইনালে সোনা না পেলেও তানিয়ার এই রুপো ভারতীয় কুস্তির ইতিহাসে এক বড় প্রাপ্তি। যুব অলিম্পিকে বিচ রেসলিংয়ে প্রথম পদক এনে দিয়ে দেশের ক্রীড়াক্ষেত্রে নতুন ইতিহাস লিখলেন এই তরুণী।



