Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে (Raiganj Encounter) নাবালিকা খুনের ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হল অভিযুক্ত দিলীপ রায়ের। সোমবার ভোররাতে গৌরী গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় পুলিশের অভিযানের সময় এই ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের দাবি, গ্রেফতার করতে গেলে পালানোর চেষ্টা করেন দিলীপ। সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালান তিনি। পাল্টা আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ। তাতেই গুলিবিদ্ধ হন অভিযুক্ত।
পরিবারের কী দাবি? (Raiganj Encounter)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে (Raiganj Encounter) রায়গঞ্জে নিখোঁজ হয় এক নাবালিকা। পরিবারের দাবি, সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরনোর পর আর তার খোঁজ পাওয়া যায়নি। দু’দিন পর কুলিক ফরেস্ট সংলগ্ন জঙ্গল থেকে পচাগলা অবস্থায় উদ্ধার হয় তার দেহ। পরিবারের অভিযোগ ছিল, ধর্ষণের পর খুন করা হয়েছে ওই নাবালিকাকে।
ঘটনার তদন্তে নামে পুলিশ
ঘটনার তদন্তে নেমে রায়গঞ্জ থানার পুলিশ একাধিক দল গঠন করে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি নাবালিকার শেষ গতিবিধি এবং সাইকেল উদ্ধারের স্থান নিয়েও অনুসন্ধান চালানো হয়। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারার পাশাপাশি পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু হয়েছিল।
আরও পড়ুন: Mamata Banerjee: ক্ষমতা হারিয়েও কালীঘাটে ভিড়, মমতার বাড়ির পুজোয় কর্মীদের বাড়তি গুরুত্ব
পুলিশের দাবি, অভিযুক্ত দিলীপ রায় বিহার সীমান্ত পেরিয়ে অন্য রাজ্যে পালানোর পরিকল্পনা করছিলেন। গোপন সূত্রে তাঁর অবস্থান জানার পর ভোর সাড়ে ৩টে নাগাদ অভিযান চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। হাসপাতালেই দেহের ময়নাতদন্ত হওয়ার কথা।
এই ঘটনার পর রাজ্যে পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল চার। এর আগে বারুইপুর, গাইঘাটা এবং সামশেরগঞ্জে একই ধরনের ঘটনার খবর সামনে এসেছিল।


