Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: যুদ্ধ, রণহুঙ্কার কিংবা চোখধাঁধানো (Ramayana Movie) ভিএফএক্স নয়-শান্ত, স্নিগ্ধ এক মুহূর্তের মধ্য দিয়েই দর্শকদের সামনে এল ‘রামায়ণ: পার্ট ১’-এর নতুন মোশন পোস্টার। গণেশ চতুর্থীর বিশেষ দিনে প্রকাশিত এই পোস্টারে দেখা যাচ্ছে রণবীর কাপুরের রাম এবং সাই পল্লবীর সীতা। সবুজে ঘেরা অরণ্যের পাশ দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ নদী। নদীর ধারে পাথরের উপর পাশাপাশি বসে রয়েছেন রাম-সীতা। সীতার চুলে সযত্নে ফুল গুঁজে দিচ্ছেন রাম। তাঁদের মুখের প্রশান্ত অভিব্যক্তি যেন তুলে ধরছে সম্পর্কের গভীরতা ও ভালোবাসার অন্য এক অধ্যায়।
নতুন পোস্টার (Ramayana Movie)
সোনালি অক্ষরে পোস্টারে লেখা রয়েছে ‘Ramayana’ (Ramayana Movie)। পাশাপাশি রয়েছে ‘Our Truth. Our History.’ ট্যাগলাইন। ইউটিউব, ইনস্টাগ্রাম এবং এক্স-এ পোস্টারটি প্রকাশ করা হয়েছে। নির্মাতাদের তরফে জানানো হয়েছে, ২০২৬ সালের দীপাবলিতে বিশ্বজুড়ে সিনেমা হলে মুক্তি পাবে ছবির প্রথম পর্ব। পরিচালনায় রয়েছেন নীতেশ তিওয়ারি।
কারা রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে? (Ramayana Movie)
রণবীর ও সাই পল্লবী ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রবি দুবে, অরুণ গোভিল, যশ, সানি দেওল এবং রকুল প্রীত সিং। লক্ষ্মণের চরিত্রে রবি দুবে, দশরথের ভূমিকায় অরুণ গোভিল, রাবণ হিসেবে যশ এবং হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওলকে।

দুই পর্বে নির্মিত এই ছবির মোট বাজেট প্রায় ৪,০০০ কোটি টাকা বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। সঙ্গীত পরিচালনায় রয়েছেন হান্স জিমার ও এ আর রহমান। বিশাল প্রযুক্তিগত আয়োজনের পাশাপাশি নতুন পোস্টারে আবেগকে সামনে রাখার সিদ্ধান্ত ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।


