Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গতকালের মিনি নিলামে আইপিএল-এ দল পেয়ে উচ্ছ্বসিত সরফরাজ (Sarfaraz Khan)।
দল পেলেন সরফরাজ খান (Sarfaraz Khan)
গতকালের মিনি নিলামে নজর ছিল সকল ক্রিকেটপ্রেমীদের। কোন তারকা কোন দল পেলেন সেই দিকে নজর ছিল সবার। রেকর্ড দামে অজি তারক গ্রিনকে দলে নিয়েছে কলকাতা। একদিকে যেমন রেকর্ড দর উঠেছে তেমনই কিছু প্লেয়ার কোনও দলই পাননি। আবার কয়েকজন প্রথম দিকে দল না পেলেও শেষবেলায় দল পেয়েছেন। তেমনই একজন হলেন সরফরাজ খান। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দল পেলেন তিনি (Sarfaraz Khan)।
প্রথম রাউন্ডে কেউ তাঁকে দলে নিতে আগ্রহ না দেখালেও পরবর্তী পর্বে তাঁকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার আইপিএল-এর মিনি নিলামে দল পাওয়ার পর আবেগঘন বার্তা দেন সরফরাজ খান। বেস প্রাইজ ৭৫ লক্ষে তাঁকে কেনে। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে সরফরাজ। নিলামের কয়েকঘণ্টা আগে আরও একবার নিজেকে মেলে ধরেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২২ বলে ৭৩ রান করেন (Sarfaraz Khan)।

চেন্নাই তাঁকে সুযোগ দেওয়ার পর নিজের সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন সরফরাজ। তাঁর ক্রিকেট জীবনকে নতুন দিশা দেখানোর জন্য চেন্নাইকে ধন্যবাদ জানান এই ব্যাটার। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘আমাকে নতুন জীবন দেওয়ার জন্য সিএসকেকে অসংখ্য ধন্যবাদ।’ ২০২৩ সালে শেষবার আইপিএল খেলেন সরফরাজ। দিল্লির হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলেন। চলতি মুস্তাক আলি ট্রফিতে দারুণ ছন্দে আছেন ডানহাতি ব্যাটার। ছয় ইনিংসে ২৫৬ রান করেন। গড় ৬৪। স্ট্রাইক রেট ১৮২.৮৫।
আরও পড়ুন: Tulsi Tea: শীতে ফ্লু-কাশি? এবার হবে দ্রুত উপশম ঘরোয়া টোটকায়
মুম্বইয়ের এই ব্যাটারের ফিটনেস নিয়ে বারবার প্রশ্ন উঠেছে আর সেই কারণেই পিছিয়ে পড়েছেন লাল বলের ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল ব্যাটার। তবে পিছিয়ে থাকতে নারাজ এই ব্যাটার নিজেকে ফিট রাখতে অনেকটাই মেদ ঝরিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে ঝুরি ঝুরি রান করেও জাতীয় নির্বাচকদের মন জিততে পারেননি সরফরাজ। জাতীয় দলে বিক্ষিপ্ত ভাবে সুযোগ পেয়েছেন। যেটুকু সুযোগ পেয়েছেন, রান করেছেন। কিন্তু তারপরেও অজিত আগরকারদের পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারেননি। তবে আইপিএল-এ যদি ভাল পারফর্ম করেন তবে হয়ত নির্বাচকরা আবার ভাববেন তাঁকে নিয়ে, বলেই মনে করছেন তাঁর সমর্থকরা (Sarfaraz Khan)।


