Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল স্কুল সার্ভিস কমিশনের প্যানেল(SSC Pannel)। বুধবার সন্ধ্যা প্রায় ৭টা ৪৫ মিনিট নাগাদ তালিকা প্রকাশের পর দেখা যায়, বেশ কয়েকজন প্রার্থীর ক্ষেত্রে অভিজ্ঞতার নম্বর শূন্য দেখানো হয়েছে। কিন্তু রাত পেরোতেই সেই শূন্যর জায়গায় বসে যায় ৬ বা ১০ নম্বর। এই হঠাৎ পরিবর্তন ঘিরেই উঠছে একাধিক প্রশ্ন।
‘অভিজ্ঞতার নম্বর ভুলবশত বসানো হয়নি’ (SSC Pannel)
এসএসসি র ব্যাখ্যা, কিছু প্রার্থীর অভিজ্ঞতার নম্বর ভুলবশত বসানো হয়নি। যদিও মোট প্রাপ্ত নম্বরে কোনও গরমিল ছিল না। সেই কারিগরি ত্রুটিই সংশোধন করা হয়েছে বলে দাবি কমিশনের। তবে তালিকা প্রকাশের আগেই কেন এই ত্রুটি ধরা পড়ল না, তা নিয়েই প্রশ্ন তুলছেন চাকরিপ্রার্থীদের একাংশ।
ডেডলাইন মেনেই তালিকা প্রকাশ
বুধবার প্রকাশিত একাদশ দ্বাদশের মেধাতালিকায় মোট ১৮ হাজার ৯০০ জন প্রার্থীর নাম রয়েছে। এর মধ্যে প্রায় ১২ হাজার ৫০০ জন চাকরি পাওয়ার সম্ভাবনায় রয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই তালিকা প্রকাশের জন্য ২১ জানুয়ারিই ছিল এসএসসি-র শেষ সময়সীমা। সেই নির্ধারিত ডেডলাইন মেনেই তালিকা প্রকাশ করে কমিশন।
এবারের নিয়োগ অত্যন্ত সংবেদনশীল (SSC Pannel)
২০১৬ সালের শিক্ষক নিয়োগ দুর্নীতির জেরে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্ট এসএসসিকে নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়। সেই প্রেক্ষিতে এবারের নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত সংবেদনশীল বলে মনে করা হচ্ছে। বিশেষ করে চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নজর এই তালিকার উপর ছিল।
SSC-র ওয়েটিং লিস্ট প্রকাশ ঘিরেও বিতর্ক (SSC Pannel)
এর মধ্যেই সম্প্রতি এসএসসি-র ওয়েটিং লিস্ট প্রকাশ ঘিরেও বিতর্ক দানা বাঁধে। ২০২৫ সালের নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর সঙ্গে সঙ্গেই আদালতের দ্বারস্থ হন একদল চাকরিপ্রার্থী। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে এসএসসি-কে ২০১৬ সালের ওয়েটিং লিস্টে থাকা দাগি প্রার্থীদের নাম প্রকাশ করতে হয়।
আরও পড়ুন: Election Commission: বিধি লঙ্ঘনের অভিযোগ, কড়া কমিশন: ERO ও AERO-দের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা
কমিশনের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন (SSC Pannel)
সেই নির্দেশ মেনে বুধবার শিক্ষাকর্মী এবং নবম দশম শ্রেণির শিক্ষক পদে ২০১৬ সালের ওয়েটিং লিস্টের দাগি প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে আপলোড করে এসএসসি। ওই তালিকায় নন্দীগ্রামের লক্ষ্মী তুঙ্গারের নাম থাকায় নতুন করে বিতর্ক তৈরি হয়। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার বৈধতা নিয়ে যাঁরা মামলা করেছিলেন, লক্ষ্মী তুঙ্গার তাঁদের অন্যতম। বিতর্কের আবহেই একাদশ-দ্বাদশের মেধাতালিকায় রাতারাতি পরিবর্তন কমিশনের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল বলে মনে করছেন চাকরিপ্রার্থীদের একাংশ।



