Last Updated on [modified_date_only] by Sumana Bera
কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান: “আমরা সাইকেল পাইনি, আমাদের সাইকেল চাই!” এই স্লোগান আর ক্ষোভে সোমবার উত্তাল হয়ে উঠল পূর্ব বর্ধমানের রায়না-২ ব্লকের একলক্ষী উচ্চ বিদ্যালয়। সামনেই মাধ্যমিক পরীক্ষা, অথচ এখনও পর্যন্ত রাজ্য সরকারের ‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেল হাতে পায়নি দশম শ্রেণির বহু পড়ুয়া (Student Protest)। আবার মিড ডে মিলের খারাপ মান এবং খাবার নিয়ে অসন্তোষ প্রকাশের পর এক ছাত্রকে মারধরের গুরুতর অভিযোগ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় স্কুল চত্বর।
জুনিয়ররা পেল, সিনিয়ররা বঞ্চিত কেন? (Student Protest)
বিক্ষোভরত পড়ুয়াদের প্রশ্ন, নবম শ্রেণির ছাত্রছাত্রীরা সাইকেল পেলেও দশম শ্রেণির ছাত্ররা কেন বঞ্চিত থাকবে? পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি, অথচ এখনও যাতায়াতের এই সুবিধা থেকে বাদ তারা। দশম শ্রেণির ছাত্র গদাই চক্রবর্তীর কথায়, “আমাদের চোখের সামনে জুনিয়ররা সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা বারবার শিক্ষকদের কাছে গিয়েও খালি হাতে ফিরছি। সমাধান না মেলায় বাধ্য হয়েই রাজপথে নামতে হলো।”
“পটলের তরকারির প্রতিবাদ করায় মারধর!”
ক্ষোভ শুধু সাইকেলেই আটকে নেই, আগুনের ফুলকি ছড়িয়েছে স্কুলের রান্নাঘরেও (Student Protest)। পঞ্চম শ্রেণির ছাত্র বিজন ঘোষ অভিযোগ করে, প্রতিদিন শুধু ঢ্যাঁড়স আর পটলের তরকারি দেওয়া হয়, খাবারের পদে কোনো বৈচিত্র্য নেই।
আরও পড়ুন:Kunal Ghosh: কুণাল ঘোষের প্রাণহানির আশঙ্কা, নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের
সম্প্রতি পরিদর্শনে আসা এক আধিকারিককে খাবারের মান নিয়ে সত্যি কথা বলতে গিয়েই নেমে আসে বিপত্তি। বিজনের দাবি, “আধিকারিক চলে যাওয়ার পর আমাদের খাবার তো দেওয়াই হয়নি, উল্টে মারধর করা হয়েছে!”
কী বলছে স্কুল কর্তৃপক্ষ?
অভিযোগের পাহাড় জমলেও নিজেদের যুক্তিতে অনড় বিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিনীত কান্তি মণ্ডল জানান, গত বছর সরকারি স্তরে সাইকেলের পর্যাপ্ত জোগান না থাকায় এই বিভ্রাট ঘটেছিল। বর্তমানে দশম শ্রেণির প্রায় ১৮০ জন পড়ুয়া সাইকেল পায়নি (Student Protest)।

প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, পুজোর পরেই মিলবে সাইকেল। এছাড়াও মিড ডে মিল বিতর্কে বলেন, প্রতিদিন নিয়মনীতি মেনেই ডাল ও সবজি তৈরি হয়। কিন্তু গ্রামের অনেক ছাত্রছাত্রী ডাল খেতে চায় না বলেই এই অসন্তোষ ছড়াচ্ছে। তবে ছাত্রকে মারধরের অভিযোগ মানতে নারাজ তারা।
আরও পড়ুন:CPIM: পুজোয় বামেদের বুক স্টল বন্ধের অভিযোগ, আদালতের দ্বারস্থ সিপিআইএম!
স্কুল কর্তৃপক্ষের আশ্বাসে আপাতত ক্ষোভের আঁচ সাময়িক প্রশমিত হলেও প্রশ্ন থেকে যাচ্ছে, পুজোর ছুটির পর কি সত্যি হাতে সাইকেল পাবে ১৮০ জন মাধ্যমিক পরীক্ষার্থী? আর মিড ডে মিলের মান নিয়ে ওঠা এই অভিযোগের আসল সত্য উন্মোচিত হবে তো? সেদিকেই তাকিয়ে রায়নার উদ্বিগ্ন অভিভাবক ও পড়ুয়ারা।


