Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অনলাইনে খাবার অর্ডার করা (Swiggy Price Hike) ধীরে ধীরে আরও ব্যয়বহুল হয়ে উঠছে। জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থা Swiggy সম্প্রতি তাদের প্ল্যাটফর্ম ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে এখন প্রতিটি অর্ডারে গ্রাহকদের গুনতে হবে ১৭ টাকা ৫৮ পয়সা (জিএসটি-সহ), যা আগে ছিল ১৪ টাকা ৯৯ পয়সা। অর্থাৎ এক ধাক্কায় প্রায় ১৭ শতাংশ বৃদ্ধি ঘটেছে এই খাতে।
অবাক হবার কিছু নেই (Swiggy Price Hike)
অ্যাপের চেকআউট পেজে ইতিমধ্যেই নতুন এই চার্জ (Swiggy Price Hike) প্রতিফলিত হচ্ছে। সংস্থার তরফে জানানো হয়েছে, প্ল্যাটফর্ম পরিচালনা, প্রযুক্তিগত উন্নয়ন, সার্ভার রক্ষণাবেক্ষণ এবং ডেলিভারি নেটওয়ার্ক সচল রাখার খরচ সামলাতেই এই বাড়তি ফি ধার্য করা হয়েছে। এই পদক্ষেপে খুব একটা অবাক হওয়ার কিছু নেই, কারণ এর কিছুদিন আগেই প্রতিদ্বন্দ্বী সংস্থা Zomato-ও তাদের প্ল্যাটফর্ম ফি বাড়িয়েছে। তারা প্রতি অর্ডারে প্রায় ২ টাকা ৪০ পয়সা বাড়িয়ে বর্তমানে ১৪ টাকা ৯০ পয়সা (জিএসটি ছাড়া) চার্জ করছে। ফলে কর-সহ হিসাব করলে দুই সংস্থার ফি প্রায় একই স্তরে এসে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে, এই দুই প্রতিযোগী প্রায় একই সময়ে এবং কাছাকাছি হারে দাম বাড়ানো বা কমানোর পথে হাঁটে।
খুব বড় ধাক্কা? (Swiggy Price Hike)
যদিও এক একটি অর্ডারে অতিরিক্ত ২-৩ টাকা খুব বড় অঙ্ক বলে মনে নাও হতে পারে, নিয়মিত অর্ডার করা গ্রাহকদের ক্ষেত্রে মাসিক খরচে এর প্রভাব যথেষ্ট স্পষ্ট হতে পারে। বিশেষ করে শহুরে জীবনযাত্রায় যেখানে অনলাইন ফুড ডেলিভারির উপর নির্ভরতা বাড়ছে, সেখানে এই বাড়তি খরচ ধীরে ধীরে বড় বোঝা হয়ে উঠছে।
আরও পড়ুন: Green Line Kolkata Metro: গ্রিন লাইনে মেট্রো বিপর্যয়, হঠাৎ বন্ধ হাওড়া মেট্রোর গেট!
নতুন চমক
এরই মধ্যে বাজারে নতুন চমক নিয়ে এসেছে Rapido। তারা বেঙ্গালুরুতে ‘Ownly’ নামে একটি নতুন খাবার ডেলিভারি পরিষেবা চালু করেছে, যেখানে গ্রাহক বা রেস্তোরাঁ-কাউকেই আলাদা করে প্ল্যাটফর্ম ফি দিতে হচ্ছে না। শুধুমাত্র ডেলিভারি চার্জেই পরিষেবা দেওয়া হচ্ছে।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে-বাড়তি ফি ধারার এই প্রবণতা কি ভবিষ্যতেও চলবে, নাকি নতুন প্রতিযোগিতা বাজারের নিয়ম বদলে দিতে পারে?


