Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: থাইল্যান্ডের প্রাচীন শহর আয়ুথায়ার একটি ঐতিহাসিক বৌদ্ধ মঠকে ঘিরে সামনে এল চাঞ্চল্যকর আর্থিক কেলেঙ্কারির অভিযোগ (Thailand)। মঠের প্রাক্তন প্রধান ভিক্ষু ফ্রা ওয়াচিরায়ান উই-এর বিরুদ্ধে প্রায় ২৭ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তাঁকে গ্রেফতার করার পাশাপাশি ৪৭ বছর বয়সি এক মহিলাকেও আটক করেছে পুলিশ।

বেনামি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু (Thailand)
পুলিশের দাবি, মঠের সংস্কার এবং ধর্মীয় সামগ্রী কেনার জন্য বরাদ্দ বিপুল অর্থ মঠের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েনি। তদন্তে প্রায় ৮ কোটি ৯০ লক্ষ থাই ভাটের অনুদানের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, গত দু’বছরে ২০ বারেরও বেশি বার মঠের তহবিল থেকে টাকা সরানো হয়েছিল। ঘটনার সূত্রপাত একটি বেনামি অভিযোগ থেকে। সেই অভিযোগের ভিত্তিতে জুলাইয়ের মাঝামাঝি তদন্ত শুরু করে পুলিশ। পরে ভিক্ষুর বাসভবনে তল্লাশি চালিয়ে নগদ টাকা, সোনার বাট, গয়না এবং বহু মূল্যবান তাবিজ উদ্ধার হয়েছে বলে তদন্তকারীদের দাবি।
মহিলার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক (Thailand)
এর মধ্যেই আরও বিস্ফোরক তথ্য সামনে আসে। পুলিশের দাবি, বাসভবনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে গিয়ে এক মহিলার সঙ্গে ওই ভিক্ষুর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো পাওয়া যায়। ভিডিয়োটি পরে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তদন্তকারীদের মতে, ওই মহিলার সঙ্গে ভিক্ষুর ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি আর্থিক যোগাযোগও ছিল। অর্থ পাচার ও তছরুপে সহযোগিতার অভিযোগে তাঁকেও গ্রেফতার করা হয়েছে।

ভিক্ষুপদ বাতিল
৬৬ বছর বয়সি ফ্রা ওয়াচিরায়ান তাবিজ তৈরির জন্য থাইল্যান্ডে বেশ পরিচিত ছিলেন। তাঁর তৈরি ধর্মীয় তাবিজের ব্যাপক চাহিদা ছিল। এমনকি দেশের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের কাছেও তাঁর তৈরি তাবিজ রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। গ্রেফতারের পর তাঁকে মঠের দায়িত্ব থেকে সরিয়ে ভিক্ষুপদও বাতিল করা হয়েছে। তবে অভিযোগ নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তিনি।



