Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরের রহস্য মৃত্যু। দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর (TMC Councillor) সঞ্জয় দাসের ঝুলন্ত দেহ উদ্ধার। খবর পেয়েই দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় নাগারবাজার থানার পুলিশ। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। নিজের বাড়িতেই ঘরের ভেতর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
মানসিক অবসাদে ভুগছিলেন (TMC Councillor)
সূত্রের খবর, একের পর এক গ্রেফতারির ঘটনায় মানসিক অবসাদে ভুগছিলেন তৃণমূল কাউন্সিলর (TMC Councillor)। রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী, প্রভাবশালী তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন সঞ্জয় দাস। শনিবার দুপুরে তাঁর এই আকস্মিক মৃত্যুর খবর আসতেই নাগেরবাজারের দমদম ক্যাপিটাল হাসপাতালে যান প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি।
তবে তাঁর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। শুধুই মানসিক অবসাদজনিত আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনও রহস্য বা প্ররোচনা রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। নাগেরবাজার থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
চাঞ্চল্যকর দাবি এলাকাবাসীর
এদিকে তৃণমূল কাউন্সিলরের (TMC Councillor) রহস্যমৃত্যুর পেছনে ১০ লক্ষ টাকা তোলা চাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ সামনে এনেছেন স্থানীয় বাসিন্দা বিধান ভট্টাচার্য। তাঁর দাবি, কিছুদিন ধরে সঞ্জয় দাসের ওপর ১০ লক্ষ টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। তিনি বলেন, “কারা এসে টাকা চেয়েছিল, তার সমস্ত প্রমাণ ঘরে-বাইরে থাকা সিসিটিভি (CCTV) ফুটেজে রয়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করা হোক।” আরও বিস্ফোরক দাবি করে তিনি জানান, যে যুবকেরা এসে টাকা দাবি করেছিল, তারা একসময় তৃণমূল করলেও বর্তমানে ‘নব্য বিজেপি’ কর্মী হিসেবে এলাকায় পরিচিত।


