Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিগত বছরগুলোর মতো এবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের আয়োজন থাকছে না (Durga Puja 2026)। তবে তাতে উৎসবের জৌলুসে কোনও খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার। বরং মহালয়ার দিন থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসবের আবহকে আরও জমজমাট করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। দুর্গোৎসবকে কেন্দ্র করে সাজসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলার ঐতিহ্য তুলে ধরার একগুচ্ছ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
হুড খোলা জিপে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের যাত্রা (Durga Puja 2026)
মহালয়ার দিন রেড রোড থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত হুড খোলা জিপে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের যাত্রা এবারের উৎসবের অন্যতম আকর্ষণ হতে চলেছে। পাশাপাশি রেড রোডে ১২টি জেলার সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে তৈরি করা হবে পৃথক স্টল। প্রতিটি স্টলে সংশ্লিষ্ট জেলার ঐতিহ্য, সংস্কৃতি, শিল্পকলা এবং লোকজ জীবনধারার পরিচয় তুলে ধরার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বাংলার বিভিন্ন জেলার নিজস্ব সাংস্কৃতিক পরিচিতি সাধারণ মানুষের সামনে তুলে ধরাই মূল লক্ষ্য।
ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান (Durga Puja 2026)
উৎসবের অন্যতম কেন্দ্র হয়ে উঠতে চলেছে ইডেন গার্ডেন্স। সেখানে আয়োজন করা হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। বাংলার শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে দুর্গোৎসবের আবহকে মেলানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে মহালয়ার দিন থেকেই কলকাতায় উৎসবের আমেজ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
গঙ্গার ঘাটে আলো, সাজসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দুর্গাপুজো উপলক্ষে কলকাতার গঙ্গার দুই পাড়কে উৎসবের রঙে সাজিয়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে। ১০ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমোরটুলি ঘাট, মিলেনিয়াম পার্ক এবং রামকৃষ্ণপুর ঘাট-সহ একাধিক নদীতীরবর্তী এলাকায় সাজসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
মিলেনিয়াম পার্ক এবং বাজেকদমতলা ঘাটেও থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি চারটি ঘাটে বিশেষ গঙ্গা আরতির পরিকল্পনা রয়েছে। গঙ্গার তীরের প্রাকৃতিক সৌন্দর্য এবং বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে একসঙ্গে তুলে ধরতেই এই উদ্যোগ।
আরও পড়ুন: Nandigram Election: গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তা, শুরুতেই পদ্মের দাপট
জেলার লোকসংস্কৃতিতেও বাড়তি গুরুত্ব
১০ অক্টোবরের পর ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলি এই কর্মসূচিতে অংশ নেবে। সংশ্লিষ্ট এলাকার নিজস্ব ঐতিহ্য, লোকসংস্কৃতি ও শিল্পকলাকে তুলে ধরার পাশাপাশি স্থানীয় প্রতিভাদের সামনে আসার সুযোগ করে দেওয়াও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।



