Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হৃদরোগে আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে টুটু বসু (Tutu Bose)।
ভেন্টিলেশনে মোহনবাগানের ‘অভিভাবক’ (Tutu Bose)
গুরুতর অসুস্থ মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপনসাধন বসু, তবে তিনি ময়দানে পরিচিত টুটু বসু। সোমবার সন্ধ্যে বেলা হৃদরোগে আক্রান্ত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রথম থেকেই তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রবীণ এই ক্রীড়া প্রশাসককে আপাতত রাখা হয়েছে ভেন্টিলেশনে (Tutu Bose)।
চিকিৎসকরা জানিয়েছেন গতকাল রাট থেকে এখনও জ্ঞান ফেরেনি তাঁর। সূত্রের খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক খোঁজ নিয়েছেন টুটু বসুর শারীরিক অবস্থার। তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবেও হাসপাতালে গিয়েছিলেন।

মোহনবাগান ক্লাবের অন্যতম প্রাণপুরুষ টুটু বসু। বেশ কিছুদিন ধরেই তিনি ভুগছিলেন শারীরিক অসুস্থতায়। সোমবার সন্ধ্যে বেলা হঠাৎ করেই অসুস্থ বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায় ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে তাঁকে ইমার্জেন্সিতে চিকিৎসার পরে তাঁকে পাঠানো হয় ক্রিটিক্যাল কেয়ার ওয়ার্ডে। এই মুহূর্তে ভেন্টিলেশনে আছেন তিনি।
আরও পড়ুন: Mamata Banerjee Security: ওনার যেন অসম্মান না হয়: মমতার নিরাপত্তা নিয়ে নির্দেশ শুভেন্দুর!
টুটু বসুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ময়দান ভারাক্রান্ত। শুধু সবুজ-মেরুন নয়, চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং ময়দানের অন্যান্য ক্লাবের কর্তারা যাঁরা তাঁর অসুস্থতার খবর পেয়েছেন, দ্রুত সুস্থতা কামনা করেছেন। গত কয়েক বছর ফুটবল প্রশাসন থেকে দূরে থাকলেও মোহনবাগান এবং বাংলার ফুটবলপ্রেমীদের একাংশ তাঁকে মোহনবাগানের অভিভাবক হিসেবেই মনে করেন। ২০২৫ সালের ৩০ জুলাই পালিত হয়েছিল মোহনবাগান দিবস আর সেই বিশেষ দিনে টুটু বসুকে ভূষিত করা হয়েছিল ‘মোহনবাগান রত্ন’ সম্মানে। এখন সবার একটাই প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে উঠুক ‘মোহনবাগানের রত্ন’ (Tutu Bose)।


