Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বের অন্যতম ধনী বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের (Warren Buffetts Drink Habits) জীবনযাপন নিয়ে কৌতূহলের শেষ নেই। তাঁর বিনিয়োগের কৌশল থেকে শুরু করে ব্যক্তিগত অভ্যাস, সব কিছুই চর্চার বিষয়। তবে তাঁর পানীয়ের পছন্দ শুনলে অনেকেই অবাক হবেন। কারণ, প্রায় ৪৮ বছর ধরে সাধারণ জল পান করেন না বলে দাবি করেছেন এই মার্কিন ধনকুবের। বদলে তাঁর সবচেয়ে পছন্দের পানীয় চেরি কোক।
ডিনারের গল্প ফাঁস (Warren Buffetts Drink Habits)
সম্প্রতি ‘ইকুইটি মেটস ইনভেস্টিং’ পডকাস্টে বাফেটের (Warren Buffetts Drink Habits) সঙ্গে এক নৈশভোজের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে এই তথ্য সামনে এনেছেন আর এক মার্কিন ধনকুবের ও বিনিয়োগকারী বিল অ্যাকম্যান। তিনি জানান, একবার নৈশভোজের সময় বাফেটকে সাধারণ জল কিংবা সোডা মেশানো জল দেওয়া হবে কি না, তা জানতে চেয়েছিলেন। কিন্তু দু’টির কোনওটিই নিতে চাননি বাফেট। পরিবর্তে চেয়েছিলেন কোমল পানীয়।
জল পানে ‘না’ (Warren Buffetts Drink Habits)
অ্যাকম্যানের কথায়, তিনি বাফেটকে সরাসরি প্রশ্ন করেছিলেন, তিনি কি একেবারেই জল পান করেন না? উত্তরে বাফেট জানিয়েছিলেন, প্রায় ৪৮ বছর ধরে জল পান করেননি তিনি। এমনকী, কয়েক বছর আগে বাফেট যখন অ্যাকম্যানের বাড়িতে নৈশভোজে গিয়েছিলেন, তখন তাঁর পছন্দের কথা মাথায় রেখে আগেই কিনে রাখা হয়েছিল চেরি কোক।
ব্রিটিশ লেখক গ্লেন আর্নল্ডের লেখা ‘দ্য ডিলস অব ওয়ারেন বাফেট ভলিউম ২: দ্য মেকিং অব আ বিলিয়নেয়ার’ বইয়েও বাফেটের এই অভ্যাসের উল্লেখ রয়েছে। সেখানে দাবি করা হয়েছে, প্রতিদিন প্রায় পাঁচ ক্যান কোক পান করেন তিনি।
তবে শুরু থেকেই চেরি কোক তাঁর পছন্দের পানীয় ছিল না। প্রায় ৫০ বছর ধরে পেপসি পান করতেন বাফেট। ছোটবেলায় ছেলে হাওয়ার্ডের বন্ধুরা তাঁকে ‘পেপসি ওয়ারেন’ বলেও ডাকতেন। হাওয়ার্ডের শৈশবের বন্ধু জিম রস সিএনবিসিকে জানিয়েছিলেন, ছোটবেলায় তাঁরা একসঙ্গে তাস খেলতেন। গভীর রাতে বাফেট বাথরোব পরে নীচে নেমে আসতেন, তাঁর হাতে থাকত পেপসির ক্যান।
আরও পড়ুন: Naihati Boro Maa Puja: ভিআইপি নন, সকলের জন্য একই নিয়ম! নৈহাটির বড়মার পুজোয় এবার বিশেষ ব্যবস্থা
২০১৫ সালে ‘ফরচুন’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের কোক পান করার অভ্যাস নিয়ে মুখ খুলেছিলেন বাফেট। তিনি জানিয়েছিলেন, তাঁর দৈনিক ক্যালরি গ্রহণের প্রায় এক-চতুর্থাংশ আসে কোকাকোলা থেকে। দিনে অন্তত পাঁচ বার, প্রতিবার ১২ আউন্স করে এই পানীয় পান করেন বলেও জানিয়েছিলেন তিনি। বিশ্বের অন্যতম সফল বিনিয়োগকারীর এমন অদ্ভুত পানীয়-প্রীতি স্বাভাবিক ভাবেই আলোচনার কেন্দ্রে।


