Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সপ্তমীর মতোই অষ্টমীতেও কলকাতার আকাশ (Weather Update) মূলত পরিষ্কার ও রোদঝলমলে। যদিও আবহাওয়া দফতর বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল, বাস্তবে শহরবাসী নির্বিঘ্নে উপভোগ করতে পেরেছেন মণ্ডপ পরিক্রমা। ষষ্ঠী ও সপ্তমীর মতোই অষ্টমীর সকালেও বৃষ্টির ছিটেফোঁটা না পড়ায় খুশি ভক্তসমাগম।
বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস (Weather Update)
তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নবমী থেকে পরিস্থিতি (Weather Update) বদলাতে পারে। অষ্টমীর দিনই উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা নবমীর মধ্যে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। এর জেরেই নবমী ও দশমীতে দক্ষিণবঙ্গের বহু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস মিলেছে।
কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি (Weather Update)
নবমীর দিন কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি (Weather Update) হতে পারে। তবে রাতের দিকে আকাশ আরও বেশি মেঘাচ্ছন্ন হয়ে উঠতে পারে বলে জানানো হয়েছে। দশমীর দিন পরিস্থিতি আরও ঘোরালো হওয়ার আশঙ্কা। সেই দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা…
সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে। এই চার জেলার জন্য ইতিমধ্যেই ‘কমলা সতর্কতা’ জারি করেছে আবহাওয়া দফতর, যার মানে, প্রবল বৃষ্টিপাতে জনজীবন ব্যাহত হতে পারে। দশমীর দিন ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে।

উত্তরবঙ্গেও রয়েছে দুর্যোগের সম্ভাবনা
শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও রয়েছে দুর্যোগের সম্ভাবনা। দার্জিলিং ও জলপাইগুড়িতে অষ্টমীতেই ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস মিলেছে। নবমীতে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দশমীতে সেই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। একাদশী ও দ্বাদশীতে উত্তরবঙ্গের পার্বত্য পাঁচ জেলায় (যেমন দার্জিলিং, কালিম্পং) দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। মালদহ ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Sandhi Puja: ১০৮ পদ্মে পূর্ণ হয় দেবীর আরাধনা, কেন জানেন?
আপাতত, শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও, রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। তবে পুজোর আনন্দে ভাটা পড়বে কিনা, তা এখন অনেকটাই নির্ভর করছে নবমী ও দশমীর আবহাওয়ার উপর।


