Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্ব ক্রীড়া মঞ্চে ভারত আবারও এক নতুন অধ্যায়ের সূচনা করল (World Championship)। প্রথমবারের মতো বিশ্বস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেই মাস্টার্স ১ ওয়ার্ল্ড পাওয়ারলিফ্টিং চ্যাম্পিয়নশিপের U52 ক্যাটেগরিতে সোনা জিতে নিলেন ভারতীয় ক্রীড়াবিদ অদিতি নন্দী। তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত গৌরব নয়, বরং ভারতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, যা দেশের শক্তিনির্ভর খেলাধুলার মানচিত্রে নতুন আশা তৈরি করেছে।

মাস্টার্স বিভাগে নতুন মানদণ্ড স্থাপন (World Championship)
মাস্টার্স বিভাগে ভারতীয় অ্যাথলিটদের অংশগ্রহণ এতদিন তুলনামূলকভাবে কম ছিল। কিন্তু অদিতির সোনাজয় এই ক্ষেত্রে ভারতীয় ক্রীড়াবিদদের জন্য এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তার যে নিদর্শন তিনি বিশ্বকে দেখালেন, তা ভবিষ্যতের প্রতিযোগীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
অদিতির আবেগঘন প্রতিক্রিয়া (World Championship)
সোনার পদক জয়ের পর আবেগঘন ভাষায় অদিতি বলেন, “এই জয় শুধু আমার নয় এটি ভারতের। প্রতিটি ঘামের ফোঁটা, প্রতিটি ভোর, প্রতিটি চ্যালেঞ্জ সবই ছিল এই মুহূর্তটির জন্য। জাতীয় পতাকা যখন উঁচুতে উঠছিল, তখন পোডিয়ামে দাঁড়ানো আমার জীবনের সর্বোচ্চ সম্মান।” তিনি আরও বলেন, তাঁর সাফল্য যেন আরও বেশি নারীকে শক্তিনির্ভর খেলায় অংশ নিতে উদ্বুদ্ধ করে। “আমি আশা করি আমার যাত্রা দেখাবে নারীরা চাইলে কী না করতে পারে। শক্তি শুধু শরীরের নয়, মনেরও।’’
কোচ জেসন মার্টিনের প্রশংসা (World Championship)
অদিতির সাফল্যের পিছনে রয়েছে তাঁর কোচ জেসন মার্টিন–এর অক্লান্ত পরিশ্রম ও পরিকল্পনা। তিনি উচ্ছ্বাসভরা কণ্ঠে জানান
“অদিতি বিশ্বকে দেখিয়েছে সত্যিকারের দৃঢ়তার মানে কী। প্রস্তুতি ছিল দুর্দান্ত, আর চ্যাম্পিয়নের হৃদয় নিয়ে সে মঞ্চে নেমেছিল। এটা কেবল শুরু সামনে আরও বহু আন্তর্জাতিক প্রতিযোগিতা দাপিয়ে বেড়াবে সে। ভারতের উচিত তাঁর জন্য অপরিসীম গর্ব অনুভব করা।”
আরও পড়ুন:SIR: বিএলও-দের চাপ কমাতে কমিশনের নয়া নির্দেশ, এনুমারেশন প্রক্রিয়াতেও বাড়তি সময় ঘোষণা!
ভবিষ্যতের লক্ষ্যে ছুটছেন অদিতি
সাফল্যের নেশায় অদিতি থেমে নেই। সোনার পদক তাঁর আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। ইতিমধ্যেই তিনি ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতায় নজর দিচ্ছেন। দেশের প্রতিনিধিত্ব করার সুযোগকে তিনি দায়িত্ব এবং সম্মান দু’টো হিসেবেই দেখেন।
“আমার যাত্রা এখনই শেষ নয়। ভারতকে আরও সফলতা এনে দিতে চাই,” জানালেন অদিতি।



