Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন মরশুম শুরু হওয়ার আগেই বিশ্ব ফুটবলে এক অনন্য নজির গড়লেন ম্যাঞ্চেস্টার সিটি এবং নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড (Erling Haaland)। মাঠে একের পর-এক অবিশ্বাস্য পারফরম্যান্সের সুবাদে এবার একসঙ্গে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নিজের নামের পাশে যুক্ত করলেন এই তরুণ ফরোয়ার্ড। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পোস্টে হালান্ডের হাতে এই স্বীকৃতির শংসাপত্র তুলে দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
প্রিমিয়ার লিগ রেকর্ড (Erling Haaland)
প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে কম ম্যাচে ১০০ গোল করার রেকর্ড গড়েছেন হাল্যান্ড। গত বছরের ২ ডিসেম্বর ফুলহ্যামের বিরুদ্ধে মাঠে নেমে গোল করে মাত্র ১১১ ম্যাচেই এই অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করেন তিনি। ২০২২-২৩ মরশুমের শুরুতে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যান সিটিতে যোগ দেওয়ার পর থেকেই ইংরেজ ফুটবলে নিজের অপ্রতিরোধ্য আধিপত্য বজায় রেখেছেন এই নরওয়েজিয়ান তারকা।
অভিষেক মরসুমে সর্বাধিক গোল
প্রিমিয়ার লিগের প্রথম মরসুমেই গোলের ঝড়ে রেকর্ড গড়েন হাল্যান্ড। ২০২২-২৩ মরশুমে ৩৮টি প্রিমিয়ার লিগ ম্যাচে মোট ৩৬টি গোল করে এক মরসুমে সর্বাধিক গোলের রেকর্ড নিজের দখলে নেন তিনি।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড (Erling Haaland)
ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও ইতিহাস গড়েছেন হাল্যান্ড। ২০২৩ সালের ১৪ মার্চ আরবি লাইপজিগের বিরুদ্ধে ম্যাচে ম্যানচেস্টার সিটির জার্সিতে একাই পাঁচটি গোল করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে এক ম্যাচে ৫ গোল করা মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে লিওনেল মেসি ও লুইস আদ্রিয়ানোর ঠিক পরেই নিজের নাম লেখান তিনি।
আরও পড়ুন: EB MB Durand Cup: কবে মাঠে নামবে ইস্টবেঙ্গল-মোহনবাগান?
উয়েফা নেশনস লিগে সেরা (Erling Haaland)
আন্তর্জাতিক ফুটবলেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন হাল্যান্ড (Erling Haaland)। উয়েফা নেশনস লিগে মোট ১৯টি গোল করে এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। ২০২০ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ১৭ নভেম্বরের মধ্যে করা তাঁর গোলগুলো বিবেচনা করেই গিনেস কর্তৃপক্ষ তাঁকে নির্বাচন করেছেন।



