Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: পর্দা উঠতে চলেছে ডুরান্ড কাপের (EB MB Durand Cup) নকআউট পর্বের। কলকাতার পাশাপাশি রাঁচি এবং শিলংয়ে গড়াবে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নিয়েছে সেরা দলগুলি।
ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালের সূচি (EB MB Durand Cup)
১৬ আগস্ট, ২০২৬ তারিখে রাঁচির বিরসা মুন্ডা ফুটবল স্টেডিয়ামে বিকেল ৪:০০ টায় মুখোমুখি হবে দিল্লি এসসি এবং এফসি রেংদাই। একই দিনে অর্থাৎ ১৬ আগস্ট কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা ৭:০০ টায় ইস্টবেঙ্গল এফসি খেলবে আর্মি স্পোর্টসের বিরুদ্ধে। ১৭ আগস্ট বিকেল ৪:০০ টায় যুবভারতীতে মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। এছাড়া ১৭ আগস্ট সন্ধ্যা ৭:০০ টায় শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে লড়বে শিলং লাজং এফসি ও নর্থইস্ট ইউনাইটেড এফসি।
ইস্টবেঙ্গলের নকআউট যাত্রা (EB MB Durand Cup)
গ্রুপ পর্বে মোহনবাগানের কাছে অল্প ব্যবধানে হারলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল মশালবাহিনী। সিআইএসএফ প্রোটেকটর্সকে ৮-০ এবং সাউথ ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে সেরা রানার্স-আপ হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা। ১৬ আগস্ট যুবভারতীতে কোয়ার্টার ফাইনালে লাল-হলুদ শিবিরের প্রতিপক্ষ শক্তিশালী আর্মি স্পোর্টস।
মোহনবাগানের অপ্রতিরোধ্য অভিযান (EB MB Durand Cup)
চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ডার্বিতে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল সবুজ-মেরুন। এরপর সাউথ ইউনাইটেডকে ৮-০ এবং সিআইএসএফ প্রোটেকটর্সকে ৬-০ গোলে হারিয়ে একটিও গোল হজম না করে গ্রুপ ‘এ’-র শীর্ষ দল হিসেবে শেষ আটে জায়গা করে নেয় তারা। ১৭ আগস্ট বিকেল ৪টায় যুবভারতীতে তাদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। আসন্ন আইএসএলে না খেলার ঘোষণা দেওয়া জামশেদপুর এই টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিয়ে চমক দিতে মরিয়া।
আরও পড়ুন: India vs Brazil: গুরুত্ব ব্রাজিল ম্যাচ, এশিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার ভারতের
সেমিফাইনাল ও ফাইনালের সম্ভাবনা (EB MB Durand Cup)
কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে ১৯ ও ২০ আগস্ট অনুষ্ঠিত হবে সেমিফাইনালের (EB MB Durand Cup) ম্যাচগুলি। নকআউটে ড্রয়ের নিয়ম অনুযায়ী সেমিফাইনালে সরাসরি ডার্বি লড়াই না থাকলেও, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ আগস্ট ডুরান্ড ফাইনালের মহারণে আবারও মুখোমুখি লড়াইয়ে দেখা যেতে পারে কলকাতার দুই পরাশক্তি ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে।



