Last Updated on [modified_date_only] by Tania Rakshit
তানিয়া রক্ষিত: অবশেষে আইএসএলে চার্চিল ব্রাদার্স (Churchill Brothers ISL)। অপেক্ষা ছিল দীর্ঘ দিনের। লড়াইও চলছিল। কিন্তু ভাগ্য সঙ্গ দিচ্ছিল না। আই লিগে জিতে আইএসএলে আসা যখন প্রায় পাকা হয়ে গিয়েছিল, তখন হঠাৎই ক্যশের সিদ্ধান্তে খেতাব হাতছাড়া। এরকমও হয়? হ্যাঁ ভারতীয় ফুটবলেই হয়ত এরকম হয়। আর হয়েছেও। তবে এবার আর কোনও বাধা নেই। জামশেদপুর এফসি আইএসএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। তারা চার্চিল ব্রাদার্সকে ১০০ টাকার বিনিময়ে নিজেদের লাইসেন্স হস্তান্তর করেছে। তাই এবার জামশেদপুর এফসির লাইসেন্সে আইএসএলে খেলবে চার্চিল ব্রাদার্স। তাই উচ্ছ্বসিত দলের কর্ণধার আলেমাও চার্চিল। গোয়া থেকে ফোনেই কে টিভি বাংলার প্রতিনিধির সঙ্গে কথা বললেন তিনি।
কৃতজ্ঞতা স্বীকার (Churchill Brothers ISL)
শুধুমাত্র আর্থিক কারণ নয়, ভারতীয় ফুটবলের অচলাবস্থার জন্যেও এরকম কঠিন সিদ্ধান্ত নিয়েছে জামশেদপুর এফসি। তবে কথাতেই আছে কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। জামশেদপুর নাম প্রত্যাহার করলেও চার্চিলকে তারা আইএসএল খেলার স্বত্ব দিয়ে দেন। বিনিময়ে টাটা স্টিল নিয়েছে মাত্র ১০০ টাকা। তাই টাটা গ্রুপসের ওপর কৃতজ্ঞ আলেমাও চার্চিল। উচ্ছ্বসিত গলায় বলেন, “আমি কৃতজ্ঞ টাটার কাছে। আমি খুব খুশি। ভগবানে আমি বিশ্বাস করি। ভগবান আমার প্রার্থনা শুনেছে।”
চার্চিলের লক্ষ্য (Churchill Brothers ISL)
আইএসএলে এসে চার্চিল ব্রাদার্সের মূল লক্ষ্য কী? এই প্রশ্ন শুনেই তাঁর উত্তর, “আমরা ভালো ফুটবল উপহার দিতে চাই। ভালো ফুটবল খেলেই সবার মন জয় করতে চাই। চার্চিল ব্রাদার্স যুবভারতীতে মোহনবাগান সমর্থকদের চুপ করিয়ে দিয়েছিল খেলা দিয়ে। এবারও আমরা সেরকমই করব। জিতব কি না জানি না। তবে ভালো ফুটবল খেলতে চাই”।
স্পনসরের খোঁজ (Churchill Brothers ISL)
আইএসএলে এর আগে যে নতুন দলই এসেছে তারা আর্থিক সংকটের মুখোমুখি হয়েছে। যেমন ইস্টবেঙ্গল, মহমেডান স্পোর্টিং এবং ইন্টার কাশি। ইস্টবেঙ্গল আর্থিক সংকট কাটালেও মহমেডান স্পোর্টিং এবং ইন্টার কাশির অবস্থা খুবই খারাপ। সেরকম অবস্থায় পড়তে যাতে না হয় চার্চিলকে। তাই স্পনসরের খোঁজ করছে তাঁরা। আলেমাও চার্চিল বলেন, “আমি স্পনসরের খোঁজ করছি। সদ্য আইএসএলে এসেছি। খোঁজ চলছে পেলে সময় মত জানাব।”
আই লিগ নিয়ে ক্ষোভ
আইএসএলে গেলেও আই লিগ নিয়ে ক্ষোভ আলেমাও চার্চিলের (Churchill Brothers ISL) রয়েছে। বার বার প্রশ্ন তুললেন কেন তাঁর দলকে গতবার আইএসএলে সুযোগ দেওয়া হল না? এআইএফএফের ওপর তাঁর ক্ষোভ রয়েছে।



