Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ফুটবল মাঠে ফের চাঞ্চল্য। প্রীতি ম্যাচ চলাকালীন ফের একবার মাঠে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখের তারকা মিডফিল্ডার জামাল মুসিয়ালা। চারদিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। হেইডেনহাইমের বিরুদ্ধে ম্যাচের শেষলগ্নে বদলি হিসেবে মাঠে নামার কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়েন ২৩ বছর বয়সি এই ফুটবলার। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।
সাইবারির সাহায্য (Jamal Musiala)
এর আগে গত শনিবার আরবি লাইপজিগের বিরুদ্ধে ম্যাচের সময়ও প্রায় ৩৩ ডিগ্রি গরমে আচমকা মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়েছিলেন মুসিয়ালা। সেই সময় সতীর্থ ইসমায়েল সাইবারির তৎপরতায় বড় কোনও বিপদ এড়ানো সম্ভব হয়েছিল।
কী এই শারীরিক সমস্যা? (Jamal Musiala)
পরপর দুই ম্যাচে এমন ঘটনার পর নিজেই মুখ খুলেছেন বায়ার্ন তারকা। তিনি জানান, চিকিৎসকদের কাছে বিস্তারিত পরীক্ষার পর তাঁর শরীরে ‘অ্যাবসেন্স সেজার’ বা সাময়িক চেতনা হারানোর সমস্যা ধরা পড়েছে। এটি মূলত একটি স্নায়বিক জটিলতা। মুসিয়ালা এই প্রসঙ্গে বলেন, “শারীরিক পরীক্ষার পর আমার শরীরে ‘অ্যাবসেন্স সেজার’ বা সাময়িক চেতনা হারানোর সমস্যা ধরা পড়েছে। এটা মূলত স্নায়বিক জটিলতার কারণে হয়। তবে চিকিৎসার মাধ্যমে এটা সারিয়ে তোলা সম্ভব। লাইপজিগ ও হেইডেনহাইমের বিরুদ্ধে যা ঘটেছে, তা এই সমস্যার জন্যই হয়েছে।” বাইরে থেকে দেখে বিপদজনক মনে হলেও, চিকিৎসকরা নিয়ন্ত্রণে রেখেছেন বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: IND vs SL: গল জয় ভারতের, মানব সুথারের ঘূর্ণিতে কুপোকাত শ্রীলঙ্কা
কেরিয়ারের ওপর কি কোনও প্রভাব পড়বে? (Jamal Musiala)
মুসিয়ালা (Jamal Musiala) জানিয়েছেন, তাঁর চিকিৎসা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার বিষয়ে আশাবাদী। চিকিৎসকদের মতে, সঠিক চিকিৎসা এবং নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে এই স্নায়বিক সমস্যা পুরোপুরি নিরাময় সম্ভব। তাই এই মুহূর্তে জার্মান মিডফিল্ডারের ফুটবল কেরিয়ার নিয়ে বড় কোনো শঙ্কার কারণ নেই। সমর্থকরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।



