Last Updated on [modified_date_only] by Sumana Bera
পলাশ নস্কর, নিউটাউন: ভোররাতের নিস্তব্ধ নিউটাউন। হঠাৎই বিশ্ববাংলা সরণিতে বিকট শব্দ! এক চাকা নেই, রিং থেকে সটান বেরোচ্ছে আগুনের ফুলকি। কিন্তু সেদিকে ভ্রূক্ষেপই নেই চালকের! যেন কোনও হলিউডি অ্যাকশন সিনেমার শুটিং চলছে। দুমড়ে-মুচড়ে যাওয়া একটা প্রাইভেট কার নিয়ে নিউটাউনের (NewTown) রাস্তায় তাণ্ডব চালাচ্ছে তিন মদ্যপ যুবক। তবে সিনেমার ভিলেনদের মতো তাদের খেলাও বেশি সময় চলেনি, ট্র্যাফিক পুলিশের তৎপরতায় থামল তাণ্ডব।
ভোররাতে সিনেমার কায়দায় চেজ! (NewTown)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার ফুলবাগানের বাসিন্দা তিন মদ্যপ যুবক এক চারচাকা গাড়িতে চড়ে নিউটাউন এলাকায় আড্ডা দিতে বেরিয়েছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্ববাংলা সরণির একাধিক জায়গায় সজোরে ধাক্কা মারে। গাড়িটির সামনের অংশ তুবড়ে যায়, ফেটে উধাও হয়ে যায় একটি টায়ার! শুধু মেটাল রিংয়ের ওপর ভর করেই বেপরোয়া গতিতে ছুটতে থাকে গাড়িটি।
আরও পড়ুন: Fake Flat Documents: জাল নথি দেখিয়ে ফ্ল্যাট বিক্রির ফাঁদ, ৭.৮৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার
ভোরবেলা কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ কর্মীদের নজরে আসতেই চক্ষু চড়কগাছ! একটি টায়ারহীন গাড়ি থেকে আগুনের স্ফুলিঙ্গ ছুটছে আর সেটি একের পর এক পথচারীকে ধাক্কা দিয়ে এগিয়ে চলেছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের স্কুটি নিয়ে গাড়িটির পিছু ধাওয়া করেন কর্তব্যরত ট্র্যাফিক সার্জেন্ট (NewTown)। বেশ কিছুক্ষণ তাড়া করার পর অবশেষে বিশ্ববাংলা গেটের কাছে গাড়িটিকে ঘিরে ফেলে পুলিশ। গাড়ি থামতেই ভেতর থেকে তিন যুবক নেমে পালানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে পুলিশ ধাওয়া করে তিনজনকেই হাতেনাতে পাকড়াও করে।
আরও পড়ুন:Kolkata Fire: ৯ প্রাণহানির পরও কি হুঁশ ফিরল! ৯ গেস্ট হাউস ও ৪ রেস্তোরাঁকে শো-কজ
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবকরা স্বীকার করেছে যে তারা মদ্যপ অবস্থায় ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক জায়গায় ধাক্কা মারার পর টায়ার ফেটে গেলেও ভয়ে বা নেশার ঘোরে গাড়ি থামায়নি তারা। জানা গিয়েছে, তাদের বেপরোয়া ড্রাইভিংয়ের জেরে কয়েকজন পথচারী সামান্য আহতও হয়েছেন। আপাতত সেই দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িকে আটক করেছে নিউটাউন ট্র্যাফিক পুলিশ (NewTown)। মদ্যপ তিন যুবককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।


