Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসকে এনওসি দেওয়া হচ্ছে না। দমকল বিভাগের পক্ষ থেকে ওই অফিসে যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছিল, তা সম্পূর্ণ করতে পারেনি কর্তৃপক্ষ। এমনটাই জানালেন দমকল বিভাগের সাউথ ডিভিশনাল স্টেশন অফিসার সরোজ বাগ। তিনি জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে দমকল বিভাগের কাছে আরও সময় চাওয়া হয়েছে। তাঁকে প্রশ্ন করা হলে, সেই সময় দেওয়া হবে কি না, সে বিষয়ে সরোজ বাগ জানান, তাঁরা তাঁদের রিপোর্ট আদালতের কাছে জমা দেবেন। প্রসঙ্গত, মঙ্গলবার ১৭ নভেম্বর দমকল আধিকারিকরা কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিস দেন।
ক্যামাক স্ট্রিটের অফিসে দমকলের পরিদর্শন (Abhishek Banerjee)
ক্যামাক স্ট্রিটের দফতরের অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শনের বিষয়েই এই নোটিস দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে 9A ক্যামাক স্ট্রিটের দফতর পরিদর্শনের জন্য এই নোটিস দেওয়া হয়। সেই মতো আদালতের নির্দেশ মেনে এদিন সাউথ ডিভিশনাল স্টেশন অফিসার সরোজ বাগের নেতৃত্বে ওসি হেডকোয়ার্টার্স অরুণ পটনায়ক-সহ একাধিক দমকল আধিকারিক 9A ক্যামাক স্ট্রিটে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সমস্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও বিধি খুঁটিয়ে দেখেন। ফায়ার এক্সটিংগুইশার থেকে শুরু করে ফায়ার অ্যালার্মের পরীক্ষা এবং স্প্রিংকলার কাজ করছে কি না, তা খুঁটিয়ে দেখা হয়।
পার্কিং লট ও পাম্পিং স্টেশনও খতিয়ে দেখা হল (Abhishek Banerjee)
পাশাপাশি এদিন গোটা বিল্ডিংয়ের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খুঁটিয়ে দেখা হয়। শেষে তাঁরা বিল্ডিংয়ের ওয়াটার পাম্পিং স্টেশন-সহ পার্কিং লটের পরিস্থিতিও খতিয়ে দেখেন। পার্কিং লটের পরিস্থিতি দেখে বিল্ডিংয়ের কর্তৃপক্ষের কাছে ক্ষোভ প্রকাশ করেন দমকল আধিকারিকরা। পার্কিং লটে অতিরিক্ত গাড়ি রাখা হয়েছিল। দমকল আধিকারিকদের ধমকের পর সঙ্গে সঙ্গে গাড়িগুলি বের করে দেওয়া হয়। এছাড়া মূল পাম্পিং স্টেশন সঠিকভাবে কাজ করছে কি না, সেটাও খুঁটিয়ে দেখা হয়। ফলে শুধুমাত্র অভিষেকের অফিস নয়, সামগ্রিকভাবে গোটা বিল্ডিংয়ের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খুঁটিয়ে দেখেন দমকল ও পুলিশ আধিকারিকরা।
আরও পড়ুন: Tulu Mondal: দেশে ফিরেই নতুন বিপাকে টুলু! ফের হাইকোর্টের দ্বারস্থ
ত্রুটি সংশোধনের পরামর্শ, তবুও মিলল না এনওসি (Abhishek Banerjee)
বেশ কিছু জায়গায় ত্রুটি ছিল। সেগুলি সংশোধন করার পরামর্শও দেন দমকল বিভাগের আধিকারিকরা (Abhishek Banerjee)। তবে সম্পূর্ণ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও বিধি খুঁটিয়ে দেখার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেননি দমকল আধিকারিকরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, যতক্ষণ না সম্পূর্ণ অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে বা অগ্নিনির্বাপণ বিধি মানা হচ্ছে, ততদিন আদালতের নির্দেশ অনুযায়ী আগের মতোই পরিস্থিতি বজায় রাখার নির্দেশ দিয়ে গিয়েছেন দমকল আধিকারিকরা।



