Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ম্যাচ শেষে ডাগ আউটে হতাশভাবে বসে ছিলেন মোহনবাগান (Mohun Bagan) কোচ প্যানাজিওটিস ডিলমপেরিস। পাশে বসে ফুটবলাররাও। তখন চ্যাম্পিয়ন হওয়ার ঘোরে উচ্ছ্বাসে ফেটে পড়ছেন আনোয়ার, গিল, এডমুন্ডরা। ইস্টবেঙ্গল গ্যালারিতে তখন কান পাতা দায়। আর উল্টো দিকের মোহনবাগান গ্যালারি? ফাঁকা। ম্যাচ শেষ হওয়ার বেশ কিছুক্ষণ আগেই সবুজ-মেরুন সমর্থকরা বুঝতে পেরে গিয়েছিলেন ম্যাচের ভবিষ্যৎ। তাই ম্যাচের রেফারি আদিত্য পুরাকায়স্থ শেষ বাঁশি বাজানোর অনেক আগেই তাঁরা ধীরে-ধীরে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান।
সংবাদমাধ্যমকে এড়িয়ে গেলেন কোচ (Mohun Bagan)
অনেকে ভেবেছিলেন, এ দিন হয়তো সাংবাদিক সম্মেলনে মোহনবাগান কোচ দায়ী করবেন ফুটবলারদের ক্লান্তিকে। শিলং থেকে কলকাতায় ফিরে ডুরান্ড ফাইনালে নিজেদের প্রস্তুত করার পর্যাপ্ত সময় পাননি বলে আগেই ক্ষোভ জানিয়েছিলেন ডিলমপেরিস। কিন্তু ডার্বি হারের পর সেই সুযোগও দিলেন না। সংবাদমাধ্যমকে এড়িয়ে গেলেন। ম্যানেজমেন্ট সূত্রে জানা গিয়েছে, কোচ নতুন করে আর কিছু জানাতে চাননি সংবাদমাধ্যমকে। যা জানানোর তিনি প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সেই জানিয়ে দিয়েছেন। কাপের নিয়ম অনুযায়ী সাংবাদিক সম্মেলন করা বাধ্যতামূলক নয়। তাই কোচ সিদ্ধান্ত নিয়েছেন তিনি সাংবাদিক সম্মেলন করবেন না। গ্রুপ পর্বের ডার্বি জয়ের পর প্রতিযোগিতার একটি মাত্র ম্যাচে হেরে গেল মোহনবাগান। সেই ম্যাচে হারল, যে ম্যাচ জিতলে ট্রফিটা তাদের ঘরে ঢুকত। তবে ১-৪ ফলাফলটা মেনে নিতে পারছেন না মোহনবাগান সমর্থকরাও। অনেক স্বপ্ন নিয়ে মাঠে আসার পর এই হার মেনে নিতে পারেননি তাঁরা।
সাহালকে নিয়ে জল্পনা (Mohun Bagan)
সাহাল আবদুল সামাদকে কেন নামানো হল না? এই প্রশ্ন কম বেশি সব মোহনবাগান সমর্থককের ছিল। শিলংয়ে জল মাঠে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। তাই ফাইনালে প্রথম একাদশে তাঁকে রাখা সম্ভব হয়িনি।
আরও পড়ুন: East Bengal Celebration: ক্লাবের ট্রফি নিয়ে ডুরান্ড জয়ের সেলিব্রেশনে মাতল ইস্টবেঙ্গল
বিশালের ট্রফিই একমাত্র প্রাপ্তি (Mohun Bagan)
আপাতত ডুরান্ড ডার্বি ভুলে গিয়ে মোহনবাগানের (Mohun Bagan) সামনে আরও একটি ডার্বি আসতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে পরের মাসের প্রথম সপ্তাহে হতে পারে কলকাতা লিগের ডার্বি। সেই ডার্বির দিকে তাকিয়ে সবুজ-মেরুন সমর্থকরা। এদিন মোহনবাগানের একমাত্র পাওনা- টুর্নামেন্টের সেরা গোলকিপার হয়েছেন বিশাল কাইথ। যদিও এদিন তাঁকে চারটে গোল খেতে হয়েছে।



