Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ইস্টবেঙ্গলের কাছে ডার্বিতে ৪-১ গোলে বড় পরাজয়ের হতাশা ভুলে বুধবার ঘরোয়া লিগে জয়ের সরণিতে ফিরল মোহনবাগান (Mohun Bagan CFL)। প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফকে একতরফা ম্যাচে ৬-০ গোলে উড়িয়ে দিল বাস্তব রায়ের দল। ডার্বি হারের ধাক্কা কাটিয়ে এই জয়ের ফলে সুপার সিক্সে ওঠার লড়াইয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল মেরিনার্সরা।
প্রথমার্ধেই জোড়া গোল (Mohun Bagan CFL)
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে পাওয়া যায় সবুজ-মেরুন শিবিরকে। ১৩ মিনিটে কিয়ানের নিখুঁত সেন্টার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন সুহেল ভাট। এরপর ২৩ মিনিটে বাঁ দিক থেকে আসা পাসে অনবদ্য টাচ ও ডান পায়ের আউটস্টেপে ব্যবধান বাড়ান অ্যালেক্স সাজি, যা এই মরশুমে তাঁর প্রথম গোল। ২৭ মিনিটে বিপদের মুখে পড়ে জর্জ টেলিগ্রাফ, যখন মোহনবাগানের বিভান জ্যোতি লস্করকে ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন জর্জ অধিনায়ক রণজয় সামন্ত। প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে ছিল মোহনবাগান।
দ্বিতীয়ার্ধে সুহেলের হ্যাটট্রিক (Mohun Bagan CFL)
বিরতির পর খেলার গতি আরও বাড়িয়ে দেয় মোহনবাগান। ৪৮ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন সন্দীপ মালিক। এর ঠিক পরেই, ৫০ মিনিটে বদলি হিসেবে নেমেই অভিষেকে গোল করে স্কোরলাইন ৪-০ করেন সূর্যবংশী। গোলক্ষুধা এখানেই থামেনি; ৬১ মিনিটে সায়নের বাড়ানো থ্রু বল থেকে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন সুহেল। এরপর ম্যাচের ৭৩ মিনিটে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই তরুণ স্ট্রাইকার।
আরও পড়ুন: East Bengal Foreigner: সাত বিদেশি নিয়ে দল গড়বে ইস্টবেঙ্গল? নজরে দুই স্প্যানিশ ফুটবলার
পয়েন্ট টেবিলের বর্তমান পরিস্থিতি (Mohun Bagan CFL)
এই বিশাল জয়ের সুবাদে জর্জ টেলিগ্রাফকে ৬-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় বড় লাফ দিল মোহনবাগান (Mohun Bagan CFL)। বর্তমানে ৯ ম্যাচে ২১ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ভবানীপুর। অন্যদিকে, ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল এবং ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল মোহনবাগান। চতুর্থ স্থানে থাকা ইউনাইটেড কলকাতার সংগ্রহ ৯ ম্যাচে ১৫ পয়েন্ট।



